নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। নীলফামারী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে গত শনিবার রাতে মামলাটি দায়ের করেন।
গোলাম রাব্বানী সাংসদ আসাদুজ্জামান নূরের (বর্তমান সংস্কৃতিমন্ত্রী) গাড়িবহরে হামলা এবং আওয়ামী লীগের চার নেতা-কর্মীসহ পাঁচজনকে হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার জানান, শনিবার সকাল নয়টার দিকে নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের অদূরে নীলফামারী-ডোমার সড়কের পাশ থেকে গোলাম রাব্বানীর লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে।
এ ঘটনায় এসআই আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, গোলাম রাব্বানীর মা রহিমা বেগমকে এই মামলার বাদী হওয়ার জন্য অনুরোধ করা হলেও তিনি মামলা করতে অস্বীকৃতি জানান।
রহিমা বেগম জানান, শনিবার রাত নয়টার দিকে লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গোলাম রাব্বানীর লাশ দাফন করা হয়েছে। জানাজায় নীলফামারী জেলা বিএনপির নেতারা অংশ নেন।