প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জনি মোল্লা ও বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পরিবার দুটির অভিযোগ, পুলিশ ইচ্ছা করেই আসামিদের ধরছে না। নামমাত্র আসামিদের গ্রেপ্তার করে মামলা কোনো রকমে সচল রাখা হয়েছে।
তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দাবি, প্রধান আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
৩ ফেব্রুয়ারি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা গুলি ও বোমা মেরে হত্যা করে সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জনি মোল্লাকে (৩০)। এ ঘটনায় সাবেক ছাত্রলীগের কয়েকজন নেতার নাম উল্লেখসহ আটজনের নামে ফুলতলা থানায় মামলা করেন জনির বাবা ইউসুফ মোল্লা। ওই মামলার ৭ নম্বর আসামি শেখ পলাশ হোসেনকে ঘটনার পরদিনই গ্রেপ্তার করে পুলিশ। এরপর গ্রেপ্তার হয়নি আর কোনো আসামি।
আর ৫ ফেব্রুয়ারি চিংড়িঘের দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৫০)। এ ঘটনায় নজরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ৭ ফেব্রুয়ারি বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় বটিয়াঘাটা এলাকার ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত শেখ রাসেলকে। এ মামলায় ২ ও ৩ নম্বর আসামি হলেন রাসেলের ছোট ভাই সোহেল ও খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পী। মামলায় মোট ২২ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের বেশির ভাগই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
নজরুল হত্যা মামলার আসামিদের মধ্যে ১৭ নম্বর আসামি আরিফ মোল্লা ও ১৮ নম্বর আসামি শামীম শিকদারকে ৭ ফেব্রুয়ারি রাতেই গ্রেপ্তার করা হয়।
মামলা দুটিতে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর মধ্যে পলাশ হোসেনের রিমান্ড শুনানি হওয়ার কথা আছে আজ সোমবার। আর আরিফ ও শামীমের রিমান্ড শুনানি গতকাল রোববার হয়। তবে বিচারক কোনো সিদ্ধান্ত দেননি।
জনি মোল্লার স্ত্রী রহিমা আক্তার অভিযোগ করেন, যাঁদের নামে মামলা করা হয়েছে, তাঁদের সঙ্গে পুলিশের সখ্য রয়েছে। এ কারণে পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। তা ছাড়া নিহত হওয়ার আগের দিন আসামিদের হয়ে পুলিশ বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। নিহত হওয়ার পর এক দিনের জন্যও পুলিশ জনির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করেনি বলে জানান তিনি।
তবে ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী দাবি করেন, ‘আসামিদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। মামলা হওয়ার আগেই আসামিরা জেনে গেছেন, এ কারণে তাঁরা পলাতক।’ ঘটনার পর মামলার তদন্ত কর্মকর্তা কয়েকবার জনির বাড়িতে গিয়েছেন।জনি নিহত হওয়ার আগের দিন পুলিশ তাঁদের বাড়ি গিয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই।’
নজরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ মামলার আর কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, এটা সত্যিই দুঃখজনক। হয়তো পুলিশ ইচ্ছা করেই কাউকে গ্রেপ্তার করছে না। এর পেছনে দলীয় চাপও থাকতে পারে।
তবে বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক দাবি করেন, দলীয় কোনো চাপ নেই। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। কয়েকবার দেব দুলাল বাড়ৈ ও রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাঁদের বাড়িতে এখন কেউ নেই, তালা দেওয়া।
খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা বলেন, পুলিশের বিরুদ্ধে সব সময় অভিযোগ থাকবেই। দুটি মামলারই আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।