শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদ্রাসাছাত্রীকে (১৪) ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় দায়ের করা মামলার আট আসামির সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন প্রধান আসামি সোহেল মিয়া, সেলিম হোসেন, মাহমুদুল হাসান, জাকারিয়া মাসুদ, এমাদুল হাসান, এনামুল হক, নজরুল ইসলাম ও মন্জুরুল। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণি জানান, আসামিদের ধরতে পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। একই সময় শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিশ্চিন্তপুর মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৈঠকে বসেন। সেখানে আসামিদের অভিভাবক ও গ্রামবাসীসহ সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধ জানানো হয়। পরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আশ্বাস দিলে প্রধান আসামি সোহেল মিয়া ছাড়া বাকি ছয় আসামি রাত সাড়ে তিনটার দিকে নিশ্চিন্তপুর মাদ্রাসা মাঠে গিয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। পরে গতকাল রাতে নজরুলও আত্মসমর্পণ করেন। আসামিদের গতকাল সকালে নালিতাবাড়ীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক ইকবাল বাহার তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গত সোমবার রাতে ওই মাদ্রাসাছাত্রীর পেটে ছুরিকাঘাত করেন পাশের নিশ্চিন্তপুর গ্রামের বখাটে যুবক সোহেল ও তাঁর সহযোগীরা।