কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে খুন হওয়া ব্যবসায়ী শাহজাদি ফারজানা ওরফে ববি (৩৮) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে সংবাদ সমেঞ্চলন করে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মজিবুর রহমান (৩০) ও তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৪) এবং সন্দেহভাজন আসামি রুহুল আমীন (২৪) ও হেলাল উদ্দিন (২৮)। তাঁরা সবাই কুষ্টিয়া শহরের বাসিন্দা।সংবাদ সমেঞ্চলনে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গত বুধবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশন থেকে মজিবুর রহমান, রুহুল আমীন ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ভেড়ামারা রেলস্টেশন এলাকা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়।গতকাল দুপুরে আসামিদের কুষ্টিয়া আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।গত ২৭ মার্চ সন্ধ্যায় শাহজাদি ফারজানা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান গ্ল্যামার ওয়ার্ল্ড বিউটি পারলারের ভেতর গুলিতে খুন হন। রাতেই তাঁর স্বামী মোল্লা আবু সামস বাদী হয়ে মজিবুর রহমান ও তাঁর স্ত্রী শারমিন আক্তারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।