বরিশালের উজিরপুর উপজেলায় এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র ধারণের ঘটনায় করা মামলার প্রধান আসামি সাকিল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান ওই অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাতে উপজেলার মজম গ্রামের ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় একই গ্রামের সাকিল ইসলাম (১৮) এবং তাঁর দুই সহযোগী কুদ্দুস হাওলাদার (৩৫) ও জাহিদ হাওলাদার (১৬) ওই ছাত্রীকে অপহরণ করে বাড়ির পাশের মৎস্য ঘেরের ভেতর নিয়ে যান। সেখানে সাকিল তাকে ধর্ষণ করেন এবং জাহিদ মুঠোফোনে এর ভিডিওচিত্র ধারণ করে। পরে বখাটেরা এ ব্যাপারে মুখ খুললে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরের দিন দুপুরে ওই ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. লুৎফর রহমান জানান, ধর্ষিতার জবানবন্দি, চিকিৎসকের প্রতিবেদন, আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই তিনজন আসামি এবং এরশাদ হালদার (২৬) নামের অন্য এক ব্যক্তিকে অভিযুক্ত করে সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।