প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া তিন আসামি। ছবিটি আজ বুধবার র‍্যাব-১ এর কার্যালয় থেকে তোলা। ছবি: কমল জোহা খান
গ্রেপ্তার হওয়া তিন আসামি। ছবিটি আজ বুধবার র‍্যাব-১ এর কার্যালয় থেকে তোলা। ছবি: কমল জোহা খান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য ছিনতাই ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
র‍্যাবের ভাষ্য, গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন-মামলার প্রধান আসামি বদরুল আলম ওরফে শ্যামল, তাঁর ছোট ভাই প্রিন্স ও সহযোগী পাপন।
র‍্যাব-১ এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, তিনজনই এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ১০ আগস্ট দুপুরে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স কুরিয়ার ইউনিট থেকে পণ্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। যুবলীগের নেতা হিসেবে পরিচিত শ্যামল ও প্রিন্সের নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।
হামলাকারীরা ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম ছাড়াও পাঁচ সহকারী রাজস্ব কর্মকর্তা মোজাম্মেল হক, শাহজাহান আলী, মোস্তফা জামাল, মাহবুবুর রহমান ও আবদুল সেলিমকে মারধর করেন। তাঁরা তিনটি ট্রলিতে করে ১৫টি কার্টন ছিনিয়ে নিয়ে যান।
ভিডিও ফুটেজে দেখা যায়, শ্যামল ও প্রিন্সের নেতৃত্বে এই হামলা চালানো হয়। ঘটনার দিন বিকেলে শ্যামলের মালিকানাধীন এসএমআই কুরিয়ার সার্ভিসের উত্তরা ১ নম্বর সেক্টরের কার্যালয় থেকে ছিনতাই হওয়া পণ্য উদ্ধার করে পুলিশ।
পরদিন ১১ আগস্ট রাষ্ট্রীয় কাজে বাধা ও জীবননাশের হুমকির অভিযোগ এনে শ্যামল ও প্রিন্সসহ আটজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক নূর আলম জানান, এ ঘটনায় আগে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম, সৌরভ হোসেন খান, কাজী আনিসুর রহমান, মুন্না, জোরদার আলী ও জসিম। এঁদের কেউই মামলার এজাহারভুক্ত আসামি নন।

এদিকে ঘটনার পর মামলার ছয় নম্বর আসামি বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।