প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছেন। পরে তাঁদের নগরের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁদের চার দিনের রিমান্ডে নিয়েছে।গ্রেপ্তার করা আসামিরা হলেন রাজু খাঁ ওরফে নুরুদ্দিন রাজু ওরফে ইন্ডিয়ান রাজু (৩৫), সোহেল শিকদার (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৯)। পুলিশ সূত্রে জানা যায়, রাজুর স্ত্রী মর্জিনা বেগমের (২৬) সঙ্গে হায়দার আলী নামের এক ব্যক্তির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রাজু হায়দার আলীকে (৪০) খুন করার পরিকল্পনা নেন। পরিকল্পনা অনুযায়ী, রাজু গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে খুলনা মহানগরের ১৫৭ নম্বর হাজী ইসমাইল সড়কে মর্জিনার ঘরে হানা দিয়ে হায়দার আলীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় হায়দার আলীকে বাঁচাতে মর্জিনার ভাই তরিকুল ইসলাম ওরফে পিকু এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। হায়দার ও তরিকুলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাজু ও তাঁর সঙ্গীরা ঘটনাস্থল ত্যাগ করেন।মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান প্রথম আলোকে জানান, তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, রাজু একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর নিজস্ব একটি বাহিনী আছে। নগরের পশ্চিমবানিয়া খামার এলাকায় একটি অস্ত্র মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়। কিছু দিন সাজা ভোগ করার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।