প্রধান আসামিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনির শিশু আমির হামজা ওরফে শুভ (৬) হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলামসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেয়।এদিকে মামলার বাদী অভিযোগ করেছেন, তদন্ত কর্মকর্তা আমীর হোসেন প্রধান আসামিকে গ্রেপ্তার ও মামলার অভিযোগপত্র দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন। এ ব্যাপারে তিনি সিআইডির প্রধান অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (এআইজি) বরাবর গত ১৩ ফেব্রুয়ারি দরখাস্ত করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গ্রেপ্তার হওয়া মফিজুল ইসলাম সাবেক সাংসদ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের শ্যালক। তাঁর বাড়ি আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামে। অপর আসামি একই গ্রামের একই গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০)।নিহত শিশু শুভর বাবা বিল্লাল হোসেন জানান, চাঁদা না দেওয়ায় ২০১০ সালের ১৪ জুন রাত সাড়ে নয়টায় চুমুরিয়া এলাকার মরিচ্চাপ নদীর শ্মশানঘাট এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে ও তাঁর ছেলে আমীর হামজা শুভকে নিয়ে যান মফিজুল। পরে এক লাখ টাকা চাঁদার দাবিতে শুভকে আটকে রেখে তাঁকে টাকা আনতে বাড়িতে পাঠানো হয়। পরদিন সকালে পুলিশ মরিচ্চাপ নদী থেকে শুভর ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনি মফিজুল ইসলামকে প্রধান আসামি করে ২১ জনের নামে মামলা করেন। মামলার ১২ জন আসামি বর্তমানে জেলহাজতে রয়েছেন।বিল্লাল হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তদন্ত কর্মকর্তা সিআইডির সাতক্ষীরা পুলিশ পরিদর্শক আমীর হোসেন তাঁকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেননি। উল্টো তাঁর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।তবে আমীর হোসেন টাকা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল ১০ দিনের রিমান্ড চেয়ে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে। ১৫ মার্চ শুনানি হবে।