প্রধান আসামিসহ পাঁচজনকে অব্যাহতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় করা দুটি হত্যা মামলার প্রধান আসামি আপ্তাব আলী ওরফে কালা মিয়ার অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। সম্প্রতি কোম্পানীগঞ্জ থানার পুলিশ তদন্ত শেষে দুটি মামলার অভিযোগপত্র একসঙ্গে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে দাখিল করে।

মামলার বাদীরা অভিযোগ করেন, পুলিশের সঙ্গে আসামিপক্ষের মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে।         

গত মঙ্গলবার আদালতে দুটি মামলায় হাজিরা দিতে গেলে ৩০ জন আসামির জামিন নামঞ্জুর হয়। তাঁদের কারাগারে পাঠানোর পর দুই মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের বিষয়টি জানাজানি হয়। একটি মামলার বাদী আবদুল আলী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ বিষয়টি আমরা মঙ্গলবার জেনে আইনজীবীর মাধ্যমে আপত্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

পাথর ব্যবসা নিয়ে বিরোধে গত বছরের ১১ নভেম্বর দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহত রুহুল আমিনের ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে একটি এবং নিহত হরমুজ আলীর পক্ষে তাঁর চাচাতো ভাই আবদুল আলী বাদী হয়ে অপর মামলাটি করেন। দুটির এজাহারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলীকে প্রধান আসামি করে ৫৩ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা অর্ধশতাধিক লোককে আসামি করা হয়।

আদালতে দাখিল করা অভিযোগপত্রে দাখিলের তারিখ ১৯ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। আবদুল আলীর করা মামলায় এক নম্বর আসামি আপ্তাব আলী ওরফে কালা মিয়া, তাঁর ছেলে দিলোয়ার মাহমুদ ওরফে রিপন, ভাতিজা আনোয়ার হোসেন ওরফে শামীম এবং শাহান মিয়া ও সানু মিয়াকে অব্যাহতির সুপারিশ করা হয়। নূর মোহাম্মদের করা মামলা থেকে আপ্তাব আলী, রিপন ও সানুকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। দুই মামলায় মোট অভিযুক্ত করা হয়েছে ৭১ জনকে।

মূল আসামিদের বাদ দেওয়া সম্পর্কে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, পুলিশের সঙ্গে আসামিপক্ষের প্রায় ২৫ লাখ টাকা লেনদেন হয়।

আর্থিক লেনদেনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, ‘তদন্তে প্রমাণ হয়নি, তাই অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’ তদন্তে কী এসেছে—জানতে চাইলে ওসি বলেন, ‘ওরা (আওয়ামী লীগের নেতাসহ পাঁচজন) ঘটনার সময় ঘটনাস্থলেই ছিল না। এটাই প্রমাণ করে ওরা জড়িত নয়, ফাঁসানো হয়েছে।’