প্রধান আসামিসহ ১০ জনকে বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে চোরাকারবারিদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার প্রধান আসামিসহ ১০ জনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় গত ২ আগস্ট সকালে তুষের বস্তায় মাদকভর্তি একটি সেচযন্ত্রচালিত যান (ভটভটি) দুর্ঘটনার শিকার হয়। এতে চালক আবদুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ওই ভটভটিতে থাকা ১১টি তুষের বস্তায় তল্লাশি চালিয়ে ৪০১ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে। এতে ক্ষুব্ধ হয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা পুলিশের মাদক উদ্ধারে বাধা দিতে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইন্দ্রজিৎ দাস বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা করেন। পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অপর মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে।
দ্রুত বিচার আইনে করা মামলায় ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে মামলার এক নম্বর আসামি চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের মো. খলিল (৪০), দুই নম্বর আসামি একই গ্রামের মাহাবুবুল হক, বাবুর্চি গ্রামের জামাল, সদর দক্ষিণের দড়িবটগ্রামের জামাল হোসেনসহ ১০ জনকে বাদ দেওয়া হয়। তাঁদের মাদক মামলা থেকেও অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, হাইওয়ে পুলিশের করা মামলার আসামিদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ব্যাপারে এসআই রুহুল আমিন বলেন, ‘তদন্তে যাঁদের নাম পাওয়া যায়নি, তাঁদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।’