প্রধান উপদেষ্টা নিয়ে আলোচনা চায় বিএনপি
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে আলোচনা হলে তাতে বিএনপি আগ্রহের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীকে স্বপদে বহাল রেখে যেকোনো ধরনের ফর্মুলা আমরা প্রত্যাখ্যান করব। একদলীয় বা বহুদলীয় কোনো ধরনের সরকারের অধীনেও বিএনপি নির্বাচনে অংশ নেবে না। বর্তমান রাষ্ট্রপতির অধীনেও কোনো নির্বাচনে যাবে না বিএনপি।’ ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল।একদলীয় নির্বাচনের চিন্তা সরকারের: গতকাল বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘এই প্রচণ্ড শৈত্যপ্রবাহকে যেভাবে মোকাবিলা করে যাচ্ছেন, তেমনি ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবি মানতে বাধ্য করাতে হবে।’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। সরকার একদলীয় নির্বাচন করার চিন্তা নিয়ে এগোচ্ছে, এ অভিযোগ করে তরিকুল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আপনারা ক্ষমতায় থাকবেন, এ রকম খায়েশ কখনো দেশের মানুষ পূরণ হতে দেবে না।