প্রধান কারারক্ষীকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মাহতাব উদ্দিনকে গতকাল রোববার সাইফুর রহমান নামের এক যুবক মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাইফুল (২৮) জেলা কারাগারে কর্মরত নারী কারারক্ষী রহিমা খাতুনের ছেলে। ঘটনার পর থেকে সাইফুর পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কারা সূত্রে জানা গেছে, হাবিলদার পদমর্যাদার ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মাহতাব উদ্দিন (৫০) স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কারাগার চত্বরের উত্তর পাশের কারা বাসভবনে বসবাস করেন। গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাজারের উদ্দেশে বের হন। পশ্চিম পাশের কারা সীমানা অতিক্রম করার সময় সাইফুর ধারালো দা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মাহতাবের মাথায় দা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা তিনটার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাইফুরের মা রহিমা খাতুন জানান, বছর খানেক আগে পারিবারিক বিষয় নিয়ে তাঁর ছেলের সঙ্গে মাহতাবের বিরোধ হলেও সেটি তখনই মিটে গেছে। তাই ঘটনা সম্পর্কে তিনি কিছুই বলতে পারছেন না। কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. খায়রুল কবীর বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহতাবের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।