প্রধান কৌঁসুলি নিয়ে অস্থিরতা কাটেনি, জানালেন আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলির কার্যালয় পুনর্গঠন করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷ আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপক্ষ পুনর্গঠনের সম্ভাবনা সব সময়ই থাকে৷
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কেঁৗসুলিদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের েপ্রক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল রোববার আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন৷
গতকাল সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালে তাঁরা (রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা) যা করছেন, সেটা আপনাদের মতো আমিও শুনি। ফৌজদারি মামলা তাঁরই করা উচিত, যার ফৌজদারি মামলা করার অভিজ্ঞতা আছে, যিনি দশ-পাঁচটা বিচারে ছিলেন। আমি মনে করি, এখানে চিফ প্রসিকিউটরের (প্রধান কৌঁসুলি) সঙ্গে অন্যদের একটা সমন্বয় থাকা উচিত। এটার প্রচণ্ড অভাব রয়েছে। এটা থাকা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব, প্রসিকিউশন (ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়) পুনর্গঠন করা উচিত৷’
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, ‘তিনি একসময় জাঁদরেল আইনজীবী ছিলেন। উনার শুনানি শুনতে মানুষ রাস্তা থেকে কোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকত। তার পরও একটা কথা হলো, উনার তো বয়স হয়েছে। বয়স সবাইকে কাবু করে ফেলে। তখন নিজের আত্মোপলব্ধি করা উচিত যে আমি এখনো কাজের জন্য উপযুক্ত আছি কি না।’
এদিকে প্রসিকিউশন পুনর্গঠনের সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সব সময়ই থাকে৷ গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে জ্যেষ্ঠ সহকারী জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত মধ্যস্থতা দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন৷
প্রসিকিউশনের অন্তর্কোন্দলের জন্য সামগ্রিকভাবে বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না, এ প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় না যে বিচারের ব্যাপারে এটার কোনো প্রভাব পড়ছে৷ কারণ, বিচারকেরা সুষ্ঠু বিচার করে যাচ্ছেন৷ আদালতে যখন মামলা উপস্থাপনের প্রয়োজন হচ্ছে, দেখেছি আদালতে দুই গ্রুপ ঠিকমতো মামলা পরিচালনা করছেন৷ তার পরও আমি বলব, তাঁদের মধ্যে অন্তর্কোন্দল দরকার নাই, প্রয়োজন নাই৷ আমরা চাই না৷ আমি চেষ্টা করব, যত দ্রুত সম্ভব সমাধান করার৷’
রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলি দেশে ফেরার পরও কাজে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে আমি উনাদের (রাষ্ট্রপক্ষের কেঁৗসুলিদের) আবারও ডাকব৷ আমার যেমন এ জিনিসটা পছন্দ নয়, তাঁদের মধ্যে কোন্দল থাকুক, দেশবাসীও তা চায় না৷ এটা সমাধান করার জন্য যত ধরনের চেষ্টা আছে আমি তা করে যাব৷ আরেকটা কথা হচ্ছে, চিফ প্রসিকিউটর দেশে ফিরেছেন, আমি তাঁর ছুটি মঞ্জুর করেছিলাম। উনার কাছ থেকে কিন্তু কোনো চিঠি পাইনি যে উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। যোগদান করতে দেওয়া হচ্ছে না এ কথাটা প্রথম শুনলাম। উনি ফিরে এসেছেন এটা শুনেছি। উনি যে সুস্থ হয়ে ফিরে এসেছেন সেটা আমাকে জানানো প্রয়োজন। আমাকে এখনো জানানো হয়নি।’
২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে গোলাম আরিফ টিপুকে রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়৷ সম্প্রতি তিনি চিকিৎসার জন্য বিদেশে গেলে ভারপ্রাপ্ত প্রধান কেঁৗসুলি হন সৈয়দ হায়দার আলী৷ গোলাম আরিফ টিপু দেশে ফেরার পর হায়দার আলীর সঙ্গে পদ নিয়ে টানাপোড়েন চলছে৷ আর এ নিয়ে চলছে অস্থিরতা৷