
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান চ্যালেঞ্জ হবে বিপজ্জনক পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা। রাশিয়া বর্জ্য ফিরিয়ে না নিলে বাংলাদেশের পক্ষে এই প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে। এ ছাড়া জনবল তৈরির প্রক্রিয়া এবং অগ্রগতিও সন্তোষজনক নয়। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয়ও নির্ধারণ করা হয়েছে অপেক্ষাকৃত বেশি।
প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় দেশের বিশিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ এ অভিমত ব্যক্ত করেছেন। ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তাঁরা এ অভিমত ব্যক্ত করেন। আজ মঙ্গলবার সকালে প্রথম আলোর কার্যালয়ে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন বলেন, রূপপুর প্রকল্পের বর্জ্য রাশিয়া ফিরিয়ে নেবে কি না, এখনো তার সুরাহা না হওয়া দুশ্চিন্তার বিষয়। কারণ, বাংলাদেশের পক্ষে এই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়া কঠিন হবে। তিনি বলেন, ভারতের কুদনকুলম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন যে দুটি (৩ ও ৪ নম্বর) ইউনিট স্থাপনের চুক্তি ভারত ও রাশিয়ার মধ্যে হয়েছে, তাতে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে তিন হাজার মার্কিন ডলার। সেখানে অবশ্য অপেক্ষাকৃত পুরোনো ‘ভিভিইআর-১০০০’ রিঅ্যাক্টর ব্যবহার করা হবে। কিন্তু তা সত্ত্বেও রূপপুর কেন্দ্রে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন ব্যয় সাড়ে পাঁচ হাজার ডলার হওয়া স্বাভাবিক নয়।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান এম এ কাইউম বলেন, রাশিয়া রূপপুর কেন্দ্রের বর্জ্য ফেরত নেবে কি না, সে বিষয়টির সুরাহা হওয়া দরকার। এ ব্যাপারে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সই হওয়া সাধারণ চুক্তিতে (জেনারেল কন্ট্রাক্ট) কী আছে, তা দেশের সাধারণ মানুষ জানে না। তবে সবাই চায় একটি নিরাপদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি শুরু করার জন্য যে ধরনের জনশক্তি থাকা প্রয়োজন, বাংলাদেশের তা নেই। রূপপুর প্রকল্প সামনে রেখে জনবল তৈরির যে কার্যক্রম শুরু করা হয়েছে, তা-ও সন্তোষজনক নয়।
যুক্তরাষ্ট্রের একাধিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করে অবসর নেওয়া বাংলাদেশি বিশেষজ্ঞ মোহাম্মদ নুরুল ইসলাম গোলটেবিল আলোচনায় বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো দেশ হিমশিম খাচ্ছে। তাই বর্জ্য ফিরিয়ে না নিলে কোনো দেশের সঙ্গেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করা বাংলাদেশের উচিত নয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রেজাউর রহমান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্বপ্ন থেকে এখন বাস্তবের বিষয়। এই বাস্তবতার কতগুলো কঠিন দিক আছে। বর্জ্য ব্যবস্থাপনা, নিজস্ব জনবল তৈরি প্রভৃতি সে রকমই কিছু বিষয়। এগুলোর সুরাহা না হলে নিরাপদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের স্বপ্ন সফল হবে না।
গোলটেবিল আলোচনার প্রারম্ভিক বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি নিরাপদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চায়। আমরা চাই রূপপুর কেন্দ্রটি তেমনই একটি কেন্দ্র হয়ে উঠুক।’