পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, হলি আর্টিজান, শোলাকিয়াসহ সাতটি সফল অভিযানে প্রধান জঙ্গিরা নিহত হয়েছে। তবে বাংলাদেশে জঙ্গিবাদ এখনো সম্পূর্ণ নির্মূল হয়নি। কিছু বীজ রয়ে গেছে।
পুলিশপ্রধান গতকাল শনিবার বিকেলে বগুড়া পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দেশে আইএসের অস্তিত্ব নেই বলে আবারও দাবি করেন আইজিপি। তিনি বলেন, আইএসের কার্যক্রম যেন দেশে না হয়, এ জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জঙ্গিরা তৎপরতা অব্যাহত রেখেছে।
শহীদুল হক বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ জঙ্গিদের ব্যাপারে অনেক তথ্য পাচ্ছে। যেসব শিক্ষার্থী নিখোঁজ রয়েছে, তাদের ব্যাপারে পুলিশ খোঁজখবর রাখছে। যেসব জঙ্গি দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে।