প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে

আনন্দ-উৎসব আর যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ শেষে যে যার আনন্দে মেতেছেন মানুষ।
ঈদ উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপে টাঙানো হয়েছে রং-বেরঙের পতাকা। পাশাপাশি সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন করা হয়েছে।
ঈদে রাজধানীর বহু মানুষ বাড়ি যাওয়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। আজ বড় বড় সড়ক দিয়ে রিকশা চলছে। বড়দের সঙ্গে নতুন আর বাহারি পোশাক পরে শিশুরা মেতেছে আনন্দে। পাড়ামহল্লায় বাড়ি বাড়ি বেড়াচ্ছেন অনেকেই।
ঈদ উপলক্ষে হাসপাতাল, জেলখানা, ভবঘুরে কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও শিশুসদনে আজ বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওগুলো আয়োজন করেছে কয়েক দিনব্যাপী ঈদ অনুষ্ঠানের।

সকাল সাড়ে আটটায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদের খতিব এতে ইমামতি করেন। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া রাজধানীতে আরও ৪০৮ টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি বঙ্গভবনে ও প্রধানমন্ত্রী গণভবণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
