প্রধান তথ্য কমিশনার হলেন গোলাম রহমান
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী গোলাম রহমানকে ওই পদে নিয়োগ দিয়েছেন। তথ্য মন্ত্রণালয় গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অধ্যাপক গোলাম রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তথ্য অধিকার আইনের পূর্ণ বাস্তবায়নে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। দ্রুত তথ্য প্রদান ও অন্যান্য সীমাবদ্ধতা দূর করা একটি চ্যালেঞ্জ। এই বিষয়গুলো নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি বলেন, জনগণের উন্নয়নে তথ্য দরকার। তারা যেন তথ্য ও আইনি সহযোগিতা পায়, সে দিকে নজর দিতে হবে।
সদ্য বিদায়ী প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক গত ৯ জানুয়ারি অবসরে যান। ওই দিন থেকে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছিলেন নেপাল চন্দ্র সরকার।