চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে ইংরেজি মাধ্যমের ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান দুই আসামি শাহ সেলিম ওরফে টিপু ও তাঁর ছেলে জুনায়েদ আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বাদীপক্ষের কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে জানান, চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলাম গতকাল বুধবার ওই দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।এর আগে শাহ সেলিম ও তাঁর ছেলে জুনায়েদ আহমেদ উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। এরপর তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে তাঁরা গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ৪ অক্টোবর আদালতে হিমাদ্রী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ অক্টোবর অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য আছে। মামলার আসামিদের মধ্যে শাহ সেলিম, জুনায়েদ ও শাহাদাৎ হোসেন বর্তমানে কারাগারে। অপর দুই আসামি ড্যানি ও শাওন ঘটনার পর থেকে পলাতক।