ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত পথ খুঁজে বের করবে।’
গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন মজীনা। তিনি উপজেলার মেঘনাঘাট এলাকায় বেসরকারিভাবে নির্মিতব্য ৩৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সামিট পাওয়ার লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।
মজীনা বলেন, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মার্কিন সরকার প্রত্যাশা করে। এ জন্য দলগুলোর মধ্যে আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলই খুঁজে বের করবে।
এ সময় মজীনার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত এইচ ই মিশেল মাইকেল ট্রিনকুইয়ে। অন্যান্যের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহামঞ্চদ আজিজ খান, মার্কিন দূতাবাসের প্রতিনিধি জেড এ উইলিয়াম ও সারা ফ্রিউলিংক, সামিট গ্রুপের প্রধান নির্বাহী তরিকুল রাশিদ প্রমুখ।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক প্রবেশপথ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যিক উন্নয়নের মধ্য অবস্থানে রয়েছে। বাংলাদেশ একসময় এশিয়ার মধ্যে একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
মজীনা বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার টাইগারে পরিণত হয়েছে। এ দেশে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। তবে এ ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। এ বিষয়ে মার্কিন সরকার বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
সামিট পাওয়ার গ্রুপ মেঘনাঘাট এলাকায় ৩৪৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। আগামী নভেম্বরের মধ্যে এটি উৎপাদনে আসবে। এ কেন্দ্র থেকে ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে ইতিমধ্যে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়েছে।