প্রধান দুই দলকে সংলাপের তাগিদ ড. কামালের
সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান দুই রাজনৈতিক দলকে সংলাপের তাগিদ দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। জনগণ যা চায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজেই নির্বাচন পদ্ধতি নিয়ে সংলাপ করে সমাধানে আসতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সঙ্গে মতবিনিময়কালে ড. কামাল এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ ও আট কোটিরও বেশি ভোটারের সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। তারা কখনোই কোন সংঘাত চায় না।
ড. কামাল বলেন, একদল বলছে অন্তর্বর্তীকালীন সরকার, আরেক দল বলছে প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন। কিন্তু সব দলকেই ছাড় দিতে হবে। এখনো চার মাস সময় আছে। নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
সংবিধান অনুযায়ী সবকিছু হবে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘এরশাদের পতনের সময় মওদুদ আহমদও সংবিধানের দোহাই দিয়েছিলেনন। ১৯৯৬ ও ২০০৮ সালে খালেদা জিয়াও সংবিধানের দোহাই দিয়েছিলেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। জনগণ যা চায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠককালে ছাত্রসমাজ দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।