প্রধান দুই সড়কে সারা দিন যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মূল সড়ক আজিমপুর রোড ও আজিমপুর কবরস্থান রোড। কিন্তু সারা দিনই এই দুই সড়কেই তীব্র যানজট লেগে থাকে। কারণ, সড়কের দুই পাশে অবৈধ পার্কিং ও দোকানপাট। পুরো এলাকায় অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

আজিমপুর রোড, আজিমপুর এতিমখানা, আজিমপুর সরকারি কলোনি (দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, মৌচাক ও পলাশী), চায়না বিল্ডিং গলি, আমতোলা রোড, বটতলা, আজিমপুর কবরস্থান, পলাশী ব্যারাক পশ্চিম ও দক্ষিণ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বিসি দাস স্ট্রিট, জহির রায়হান রোড, নীলক্ষেত সরকারি বাজার, নীলক্ষেত রোড (একাংশ), ঢাকেশ্বরী মন্দির রোড, লালবাগ, রসুলবাগ এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এসব এলাকায় ভোটার সংখ্যা প্রায় ৩২ হাজার।

আজিমপুর রোডের সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে নিউমার্কেট-নীলক্ষেত চৌরাস্তা পর্যন্ত সড়কের পশ্চিম পাশের অর্ধেক দখল করে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস রাখা হয়েছে। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এই সড়কের ফুটপাতের ওপর গড়ে উঠেছে চারটি বাস কাউন্টার।

প্রায় একইভাবে আজিমপুর কবরস্থান রোডের দুপাশে ব্যক্তিগত গাড়ি পার্ক করে রাখা আছে। এ ছাড়া এই সড়কের দক্ষিণ অংশ দখল করে গড়ে ওঠে কাঁচাবাজার ও ফলের দোকান। এতে আজিমপুর চৌরাস্তা থেকে আজিমপুর কবরস্থানের পশ্চিম অংশ পর্যন্ত সড়কে তীব্র যানজট লেগে থাকে।

চায়না বিল্ডিং গলির বাসিন্দা জাকির হোসেন বলেন, সড়কের দুপাশ দখল হয়ে যাওয়ায় সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত এই সড়কে যানজট লেগে থাকে। এর মধ্যে আজিমপুর কবরস্থানে লাশ এলে বা এই সড়কের ভিকারুননিসা নূন স্কুল ছুটি হলে যানজট তীব্র আকার ধারণ করে। কিন্তু তা নিরসনে কেউ পদক্ষেপ নিচ্ছে না।

ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের একটি বড় অংশজুড়ে রয়েছে সরকারি পাঁচটি কলোনি (দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল, মৌচাক ও পলাশী কলোনি)। এসব কলোনিসহ এই ওয়ার্ডের অন্যান্য এলাকায় মশার ব্যাপক উপদ্রব বলে অভিযোগ করেছেন কলোনির বাসিন্দারা। মধ্যাঞ্চল কলোনির বাসিন্দা আতিকুর রহমান বলেন, নিয়মানুযায়ী তাঁদের কলোনির ভেতর গণপূর্ত অধিদপ্তরের মশার ওষুধ ছিটানোর কথা। কিন্তু তারা তা ছিটাচ্ছে না। সিটি করপোরেশনও নজর দিচ্ছে না।

দেখা যায়, ওই কলোনিগুলোর গড়ে ৮০ ভাগ সড়ক খানাখন্দে ভরা। এর মধ্যে মধ্যাঞ্চল কলোনির সড়ক, মাঠ ও আবাসিক ভবনের চারপাশে ময়লা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার ওপর মশা উড়ছে। এই ময়লা পানি মাড়িয়েই চলাচল করছে বাসিন্দারা। তা ছাড়া এই চারটি কলোনির ভেতর বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে।

এই ওয়ার্ডে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য মাঠ আছে দুটি। কিন্তু সেগুলো খেলাধুলার অনুপযোগী। তরুণদের শরীরচর্চার জন্য ব্যায়ামাগারও আছে তিনটি। তবে নেই পর্যন্ত সরঞ্জাম। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার নেই।

পুরান ঢাকার ঢাকেশ্বরী রোডে আছে শহীদ হাজি আবদুল আলীম ঈদগাহ মাঠ। গতকাল বুধবার গিয়ে দেখা যায়, চারপাশে দেয়ালঘেরা মাঠের ভেতর কাদাপানি। খেলাধুলার অনুপযোগী। ফলে মহল্লার শিশু-কিশোরদেরও মাঠে খেলাধুলা করতে দেখা যায়নি। এই মাঠটি লালবাগ বালু মাঠ হিসেবে পরিচিত। তবে রসুলবাগ মাঠে ভিন্ন চিত্র। এখানে ক্রিকেট-ফুটবল খেলছে মহল্লার শিশু-কিশোরেরা। গাছে ভরা এই মাঠটি রসুলবাগ শিশুপার্ক নামে পরিচিত। তবে পার্কের কোনো সরঞ্জাম সেখানে নেই।

ঢাকেশ্বরী রোডের বাসিন্দা শাহিন আহমেদ বলেন, মাস ছয়েক আগে বালুর মাঠ সংস্কার করতে মাটি ফেলে সিটি করপোরেশন। সংস্কারকাজ পুরো শেষ হয়নি। এখন বৃষ্টি হলেই কাদাপানি জমে যায়। তাই খেলাধুলাও বন্ধ। অথচ এই এলাকার মধ্যে আলীম ঈদগাহ মাঠটিই আয়তনে সবচেয়ে বড়।

রসুলবাগ মাঠের ভেতর পশ্চিম পাশে আছে নগর স্বাস্থ্যকেন্দ্র। এর নিচতলায় আছে সিটি করপোরেশনের ব্যায়ামাগার। গতকাল দুপুরে তা তালাবদ্ধ দেখা গেছে। এ ছাড়া ডিএসসিসির অঞ্চল-৩ সংলগ্ন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের নিচতলা ও আজিমপুর বটতলায় থাকা ব্যায়ামাগার দুটিও বন্ধ দেখা গেছে।

বটতলার বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এসব ব্যায়ামাগার খোলা থাকে। অনেক সময় সকাল ও দুপুরে তা খোলা থাকে। এখানে মহল্লার তরুণেরা নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু ব্যায়ামাগারগুলোতে পর্যাপ্ত উপকরণ নেই। এতে দিনে দিনে ব্যায়ামাগারগুলো আকর্ষণ হারাচ্ছে।