চট্টগ্রাম সিটি করপোরেশনের আন্তবিদ্যালয়গুলোর সিলেবাসে ‘জাতির পিতা’র স্থলে ‘জাহির পিতা’ ছাপানোর অভিযোগে করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের এক নেতা।গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের নেতা দিদারুল আলম।মামলার আরজিতে প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে কাজী আবদুর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনোয়ারা বেগমের নাম উল্লেখ রয়েছে। তবে কাজী আবদুর রহমান গত ৩ এপ্রিল সিটি করপোরেশন থেকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়ে যান। আর ফেব্রুয়ারি মাসে প্রধান শিক্ষা কর্মকর্তার দায়িত্ব ছেড়ে দিয়ে কেবল নির্বাহী হাকিমের দায়িত্ব পালন করেন। এ প্রসঙ্গে মামলার বাদী দিদারুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা আসলে ওই পদের ব্যক্তিকেই আসামি করেছি। এ ক্ষেত্রে পদটিই আসল, ব্যক্তি নয়।’আরজিতে বলা হয়, সিটি করপোরেশনের আন্তবিদ্যালয়সমূহের ২০১২ অষ্টম শ্রেণীর পাঠ্যবইয়ের সিলেবাসে ছুটির তালিকায় বঙ্গবন্ধুর জন্মদিনের স্থলে ‘জাহির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস’ উল্লেখ করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অসম্মানবোধ করেছেন। এদিকে গতকাল রোববার চট্টগ্রাম সিটি করপোরেশন এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে সিলেবাসের ছুটির তালিকায় ওই ভুলকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে দাবি করেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভুল ছাপানো সব সিলেবাস বাজেয়াপ্ত করে নতুন ও সংশোধিত সিলেবাস শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য সব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছে।