প্রধান নির্বাহীকে বদলি না করতে মন্ত্রীকে কাউন্সিলরদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমের বদলির আদেশ ঠেকাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন কাউন্সিলররা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়রের কার্যালয়ে এক বৈঠকের পর তাঁরা এ চিঠি দেন। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলির আদেশ দেওয়া হয়। কাউন্সিলরদের চিঠিতে আনোয়ারা বেগমকে একজন সৎ কর্মকর্তা দাবি করে সিটি করপোরেশনের স্বার্থে তাঁকে এখানে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়। মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আজই (বৃহস্পতিবার) এ চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।’ আনোয়ারা বেগমের বদলির ব্যাপারে মেয়র মন্জুর আলম বলেন, ‘উনি একজন সৎ মানুষ। একজন “ডায়নামিক” কর্মকর্তা। তাই ওনার বদলি ঠেকানোর ব্যাপারে আমার মৌখিক সম্মতি রয়েছে।’জানা গেছে, স্থানীয় সরকারমন্ত্রীর কাছে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর এক চিঠির পর এ ব্যবস্থা নেওয়া হয়। চিঠিতে সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহকে আবার চাকরিতে বহাল করার ক্ষেত্রে আনোয়ারা বেগমের ভূমিকাকে অত্যুৎসাহী ও রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করা হয়। আনোয়ারা বেগমের সার্বিক কর্মকাণ্ডও তদন্তের অনুরোধ করা হয় চিঠিতে। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৯৯৫ সালের ২৬ জুলাই দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। এরপর উচ্চ আদালতের রায়ে গত ১৩ জানুয়ারি তিনি ওই পদে আবার যোগ দেন। ইতিমধ্যে তিনি এক মাসের বেতনও পেয়েছেন। তবে একই পদে সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা নুরুল আলম নিজামীও দায়িত্ব পালন করছেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শহীদুল্লাহ উচ্চ আদালতের রায় নিয়ে সিটি করপোরেশনে যোগ দিয়েছেন। মন্ত্রণালয় করপোরেশনকে আপিল করতে বললেও ওই মহিলা তা করেননি। এ জন্য আমি মন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছিলাম। এখন শহীদুল্লাহকে ১৯৯৫ সালের জুলাই মাসের পর থেকে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ প্রায় ৫০ লাখ টাকা পরিশোধের তোড়জোড় চলছে। উচ্চ আদালতে আপিল করলে এ টাকা দিতে হতো না। করপোরেশনের গাফিলতির কারণে জনগণের টাকা লুট হচ্ছে।’ আনোয়ারা বেগম ২০১১ সালের ২৫ অক্টোবর সিটি করপোরেশনে যোগ দেন। বদলির আদেশ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো সমস্যা না হলে আমি ৩১ মার্চ পর্যন্ত এখানে দায়িত্ব পালন করব। আমি মাসের বেতনটা নিয়ে যেতে চাই।’