প্রধান পরিকল্পনাকারীকে দেশে আনতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী আজ ১ নভেম্বর। গত বছরের এই দিনে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। লোকমান হত্যা মামলার অভিযোগপত্র অনুযায়ী, হত্যার মূল পরিকল্পনাকারী শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও এজাহারভুক্ত তিন নম্বর আসামি মোবারক হোসেন ওরফে মোবা। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে সব পরিকল্পনা সম্পন্ন করে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি দুবাই আছেন বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে। লোকমানের দ্বিতীয় স্ত্রী তামান্না নুসরাত প্রথম আলোকে বলেন, ‘মামলা তদন্তে পুলিশ আন্তরিক ছিল না। পুলিশ প্রভাবিত হয়ে মূল পরিকল্পনাকারীদের বাদ দিয়ে অভিযোগপত্র দাখিল করেছে। এর প্রমাণ হলো তাদের অভিযোগপত্র অনুযায়ী হত্যার মূল পরিকল্পনাকারী মোবা। অথচ এক বছরেও তাঁকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়েছি।’ নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মোবাকে দেশে ফিরিয়ে আনতে আমাদের কোনো গাফিলতি নেই। তাঁকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র একাধিকবার পাঠানো হয়েছে। শুনেছিলাম একবার তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। বর্তমানে মোবা কোথায় আছে আমাদের জানা নেই।’শোক কর্মসূচি: লোকমান হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ। পরিষদের আহ্বায়ক পীরজাদা মোহামঞ্চদ আলী প্রথম আলোকে বলেন, আজ সকালে কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত লোকমান হোসেনের কবরে সর্বস্তরের জনসাধারণ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ১০টায় পৌর কবরস্থানে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বেলা দেড়টায় পৌর এলাকার প্রতিটি মহল্লায় গণভোজ ও সন্ধ্যায় শহরের এ কে ভবন পোস্ট অফিসের বিপরীতে, ইউএমসি মিল গেট, বাসাইল শাপলা চত্বর ও উপজেলা মোড়ে লোকমান হোসেনের ওপর ভিডিওচিত্র প্রদর্শনী করা হবে। শুক্রবার বেলা তিনটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সঞ্চরণসভা ও শনিবার সকাল ১০টায় নরসিংদী পৌর কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে। মামলার হালচাল: লোকমান হত্যাকাণ্ডের পর তাঁর ছোট ভাই কামরুজ্জামান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত ২৪ জুন এজাহারভুক্ত ১১ আসামিকে বাদ দিয়ে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল। অভিযোগপত্রে এজাহারভুক্ত তিন আসামির নাম রয়েছে। তাঁরা হলেন শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন, নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল মতিন সরকার ও তাঁর ছোট ভাই শহর যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম সরকার। এর মধ্যে মোবা পলাতক। মতিন ও আশরাফ সরকার জামিনে আছেন।অভিযোগপত্রভুক্ত অন্য নয় আসামি বর্তমানে জেলহাজতে আছেন। তাঁরা হলেন নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ, হাজি সেলিম, আওলাদ হোসেন, সরোয়ার হোসেন, ইশু সরকার, হিরু ওরফে নাজমুল হাসান, হাজি ফারুক, মাহফুজুর রহমান ওরফে সবুজ ও শাহীন মিয়া।অভিযোগপত্রের প্রতি অনাস্থা জানিয়ে গত ২৪ জুলাই আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী কামরুজ্জামান। আদালত তা খারিজ করলে ২৮ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন দাখিল করেন তিনি। দায়রা জজ মো. শাহজাহান আবেদন গ্রহণ করে ৪ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।