প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে একসঙ্গে তিনজনকে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার পদ একটি। কিন্তু এক পদে পদোন্নতি দেওয়া হয়েছে তিনজনকে। সর্বশেষ গত রোববার একজনকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। এ ক্ষেত্রে ২০ বছরের জ্যেষ্ঠতা ডিঙিয়ে কনিষ্ঠ একজনকে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে।পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন, শফিকুল মান্নান সিদ্দিকী, কানুলাল নাথ ও মোরশেদুল আলম। শফিকুল মান্নান তিন মাস আগে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। আর গত রোববার পদোন্নতি পান মোরশেদুল আলম ও কানুলাল নাথ। কানুলাল দাবি করেন, ‘আমি ২০ বছর ধরে পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক হিসেবে চাকরি করছি। আর মোরশেদ মাত্র তিন মাস আগে এ পদে পদোন্নতি পান। এরপর মোরশেদকে আমার দুই দিন আগে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে পদোন্নতি দেওয়া হয়।’মোরশেদ বলেন, ‘ফাইল প্রক্রিয়া করতে গিয়ে আমার পদোন্নতি আগে হয়েছে। তাই জ্যেষ্ঠতা পেয়েছি। এতে আমার কোনো হাত নেই। তবে কানুলাল চাকরিতে আমার জ্যেষ্ঠ।’ শফিকুল মান্নান দুই বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে কাজ করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের উপসচিব সাইফুদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমার টেবিলে পদোন্নতির কোনো আবেদন এলে আমি তাতে সুপারিশ করে দেব। এমনকি কেউ মেয়র হতে আগ্রহী হয়ে আবেদন করলে সেটাও সুপারিশ করব। পদোন্নতির আবেদনগুলো আমার কাছে আসার পর আমি সুপারিশ করেছি।’ একই পদে তিনজনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে সাইফুদ্দিন বলেন, ‘তাঁদের কাজ ভাগ করে দেব।’ জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে অনিয়ম হলেও গুরুতর সমস্যা হয়নি। আমাদের উদ্দেশ্য মহৎ।’ তিনি দাবি করেন, ‘আইনত করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদ এখনো আমার। এ পদে কাউকে দায়িত্ব দেওয়া হলে আদালত অবমাননা হবে। কারণ, এ ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে।’ ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘এটা তো কোনো কথা হতে পারে না। সাইফুদ্দিন এখন অন্য পদে কাজ করছেন।’ করপোরেশন সূত্রে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকালে মোহাম্মদ মন্জুর আলম পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক থেকে কানুলালকে পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেন। পরে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়ে দায়িত্ব নেওয়ার পর তাঁকে আবার পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক হিসেবে পদাবনতি করেন।ওই সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিনি প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সাইফুদ্দিনকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেন। এরপর পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নানকে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সাইফুদ্দিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত ওই বহিষ্কারাদেশের ওপর স্থগিতাদেশ দেন।মেয়র মন্জুর আলম নির্বাচিত হওয়ার পর অন্যান্য বিভাগের মতো পরিচ্ছন্ন বিভাগেও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির উদ্যোগ নেন। সে হিসেবে পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক থেকে একজনকে পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কর্মকর্তারা তিনজনকে পদোন্নতির চিঠি দিয়ে দেন।