প্রধান প্রকৌশলী ছাড়াই চলবে কার্যক্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান প্রকৌশলী ছাড়াই চলবে চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম। আইনি জটিলতায় এই পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। প্রধান প্রকৌশলীর অনুপস্থিতি করপোরেশনের সচিব প্রকৌশল বিভাগের কার্যক্রম তদারক করবেন বলে জানা গেছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, বর্তমান প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোখতার আলম ৩০ মে অবসরে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করেছে করপোরেশন। করপোরেশনের প্রথা অনুযায়ী, প্রধান প্রকৌশলীর অবসর গ্রহণের এক মাস আগে সম্ভাব্য প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়।
জানা গেছে, করপোরেশনের তিন সহকারী প্রকৌশলীর মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সংস্থাটির সব ধরনের নিয়োগ, স্থায়ীকরণ, চলতি দায়িত্ব ও পদোন্নতিতে স্থগিত আদেশ দেন। এই কারণে প্রধান প্রকৌশলীসহ অন্যান্য নিয়োগ স্থগিত রেখেছে করপোরেশন। করপোরেশনের তিন সহকারী প্রকৌশলী মো. শাহীন উল ইসলাম, আবু সাদাত মো. তৈয়ব ও মো. ফরহাদুল আলম গত ২০ ফেব্রুয়ারি এ মামলা করেন।
করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘আইনি জটিলতায় প্রধান প্রকৌশলী পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। একই কারণে ভারপ্রাপ্ত হিসেবেও কাউকে দায়িত্ব দেওয়া যাবে না।
করপোরেশনের আইন কর্মকর্তা সরওয়ার-ই-আলম বলেন, ‘এ-সংক্রান্ত মাননীয় আদালতের আদেশ নিষ্পত্তি করার জন্য আমরা আদালতে আবেদন করেছি। তবে এখনো পর্যন্ত কোনো আদেশ দেওয়া হয়নি।’