চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদ পূরণের দাবিতে মেয়রকে চিঠি দিয়েছেন প্রকৌশলীরা। গতকাল রোববার দুপুরে এ চিঠি দেওয়া হয়। এই পদ শূন্য থাকলে করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘করপোরেশনের প্রধান প্রকৌশলী পদ পূরণে প্রকৌশলীদের চিঠি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
করপোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম গত ৩১ মে থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন। কিন্তু আইনগত জটিলতার কারণে এ পদে নতুন কাউকে নিয়োগ দেয়নি করপোরেশন।
করপোরেশনের তিন সহকারী প্রকৌশলীর মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সংস্থাটির প্রকৌশল বিভাগের সকল প্রকার নিয়োগ, স্থায়ীকরণ, চলতি দায়িত্ব ও পদোন্নতিতে স্থগিত আদেশ দেন। করপোরেশনের তিন সহকারী প্রকৌশলী মো. শাহীন উল ইসলাম, আবু সাদাত মো. তৈয়ব ও মো. ফরহাদুল আলম এ মামলা করেন।
গতকাল করপোরেশনের মেয়রকে দেওয়া চিঠিতে প্রকৌশলীরা বলেছেন, প্রধান প্রকৌশলীর পদ শূন্য থাকলে করপোরেশনের যাবতীর কর্মকাণ্ড স্থবির হয়ে পড়বে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে করপোরেশনের জ্যেষ্ঠ প্রকৌশলীকে প্রধান হিসেবে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হোক।
করপোরেশনের সব উন্নয়নকাজের প্রাক্কলন পাস, দরপত্র আহ্বান ও চুক্তিপত্র ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জ্যেষ্ঠ প্রকৌশলী মোহাম্মদ এয়াকুব নবীকে দায়িত্ব দিতে তাঁরা অনুরোধ জানান।
প্রধান প্রকৌশলী পদে কাউকে নিয়োগ না দেওয়া প্রসঙ্গে মেয়র মন্জুর আলম বলেন, আইনগত জটিলতার কারণে কাউকে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। তাই এখন থেকে প্রকৌশল বিভাগের নথিগুলো তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা সরাসরি সচিব বরাবর প্রেরণ করবেন।
প্রধান প্রকৌশলীর পদে কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত করণীয় নির্ধারণ করে গত ২৯ মে কর্তৃপক্ষের অনুমোদনের পরিপ্রেক্ষিতে দাপ্তরিক আদেশ জারি করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রশিদ আহমদ। এই দাপ্তরিক আদেশে বলা হয়, হাইকোর্টের আদেশের কারণে প্রধান প্রকৌশলী পদে কাউকে পদায়ন কিংবা অতিরিক্ত দায়িত্ব পালনের আদেশ দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে সচিব রশিদ আহমদ কাল মঙ্গলবার প্রশিক্ষণের জন্য শ্রীলঙ্কায় যাচ্ছেন। ইতিমধ্যে তিনি ১৯ দিনের ছুটি নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে করপোরেশনের প্রকৌশল বিভাগের কার্যক্রম কীভাবে চলবে, এ বিষয়ে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানান প্রকৌশলীরা।