প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী!
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. মোখতার আলমকে দুই ধাপ নিচে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এই আদেশ জারি করা হয়। মোখতার আলম তিন মেয়াদে ছয় বছরেরও বেশি সময় ধরে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে জানান, মোখতার আলমকে যেসব অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এসব দায়িত্ব তাঁকে অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছিল।মোখতার আলম অবশ্য বলেন, ‘আমি বিভিন্ন সময় অতিরিক্ত ও ভারপ্রাপ্ত হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছি। অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার করা হলেও ভারপ্রাপ্ত হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না। তা ছাড়া আজকের (সোমবার) দেওয়া আদেশে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। ফলে এটি আদেশ হিসেবেও বৈধ নয়।’মোখতার আলম সিটি করপোরেশনের জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী। তিনি ২০০৪ সাল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ভারপ্রাপ্ত হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছেন। মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি প্রায় দেড় বছর ওই দায়িত্বে ছিলেন না। সর্বশেষ দুই বছর ধরে তিনি প্রধান প্রকৌশলী হিসেবে পুনরায় দায়িত্ব পালন করে আসছেন।জানা যায়, কালুরঘাট স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্পের কয়েকটি ফাইল বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে গত রোববার অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় কাউন্সিলররা প্রধান প্রকৌশলীর সমালোচনা করেন। সেখানে কয়েকজন কাউন্সিলর প্রধান প্রকৌশলীর পদ থেকে মোখতার আলমকে সরিয়ে দেওয়ার দাবি জানান। তবে মোখতার আলম বলেন, ‘আমি এ দায়িত্ব টানা পালন করিনি। ফলে কখন কোন ফাইলের কী অবস্থা হয়েছে, তা আমার জানা থাকার কথা নয়।’