প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার অবসরে যাওয়া প্রধান প্রকৌশলী মো. সফিউল্লাহকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রাম ওয়াসার দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত সোমবার এই স্থগিতাদেশ দেন। সেই সঙ্গে এই নিয়োগ কেন অবৈধ হবে না—এ বিষয়ে চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়াজুর রহমান খান ও আবদুল করিম চৌধুরী হাইকোর্টে এ রিট করেন। তাঁদের পক্ষে আইনজীবী ছিলেন রোকন উদ্দিন মাহমুদ। ওয়াসা সূত্র জানায়, সফিউল্লাহ গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী হিসেবে অবসরে যান। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওয়াসার ৬৩তম বিশেষ বোর্ড সভায় তাঁকে ছয় মাসের জন্য প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের বিরুদ্ধে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়াজুর রহমান ও আবদুল করিম হাইকোর্টে রিট করেন। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো হাইকোর্টের কোনো নির্দেশনা পাইনি। আদালত এ ধরনের নির্দেশনা দিলে তার বাইরে তো আমরা যেতে পারব না।’