প্রধান প্রকৌশলীর মেয়াদ নিয়ে চট্টগ্রাম ওয়াসায় জটিলতা
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. শফিউল্লাহ কাল মঙ্গলবার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন। তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জ্যেষ্ঠ প্রকৌশলীদের একাধিকবার বাগিবতণ্ডা হয়েছে। প্রশাসনে দেখা দিয়েছে অচলাবস্থা। মো. শফিউল্লাহকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে চট্টগ্রাম ওয়াসার আটজন কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হবেন।জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার জ্যেষ্ঠ প্রকৌশলীরা গতকাল রোববার কয়েক দফা বৈঠক করেন। এ কারণে গতকাল সারা দিন ওয়াসায় প্রশাসনিক কার্যক্রম একরকম বন্ধ ছিল। ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্তের বিরুদ্ধে ১০ জন প্রকৌশলী লিখিত আপত্তি জানান। তাঁরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়াজু রহমান খান, মুশতাক উদ্দিন আকতার, মো. আবদুল করিম চৌধুরী, এজাজ রসুল, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জহুরুল হক, মো. নুরুল আবছার, কাজী ইয়াকুব সিরাজউদদৌলাহ, সহকারী প্রকৌশলী মো. সৈয়দুল হক, মোস্তাক আহমদ চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী এ কে এম হারুন উর রশীদ।লিখিত অভিযোগে বলা হয়, শফিউল্লাহকে নিয়ম-বহির্ভূতভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে চট্টগ্রাম ওয়াসার উপসহকারী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পর্যন্ত আটজন কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হবেন। তা ছাড়া সরকারি বিধি অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগ বা চাকরির মেয়াদ বাড়াতে হলে সরকারপ্রধানের অনুমোদন প্রয়োজন। তাই বিষয়টি ওয়াসা বোর্ডের এখতিয়ারবহির্ভূত।ওয়াসা সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর ওয়াসা সিলেকশন বোর্ডে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রধান প্রকৌশলী হিসেবে শফিউল্লাহর চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেন। কিন্তু বোর্ড তা অনুমোদন করেনি। এরপর ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার বোর্ডসভায়ও তা উপস্থাপন করা হয়। কিন্তু বোর্ড তা অনুমোদন করেনি। এর পরও ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত উদ্যোগে শফিউল্লাহর চাকরির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুশতাক উদ্দিন অভিযোগ করেন, ওয়াসার প্রস্তাবিত প্রবিধানমালায় প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগের কোনো সুযোগ নেই। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক নিয়মনীতি অগ্রাহ্য করে চুক্তিভিত্তিক নিয়োগের উদ্যোগ নিয়েছেন।ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘চট্টগ্রাম ওয়াসায় বর্তমানে তিনজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন। তাঁদের মধ্যে দুজন অসুস্থ, অন্যজন অনেক কনিষ্ঠ। কাজেই কাজ চালানো এবং সার্বক্ষণিক দৌড়ঝাঁপের জন্য একজন সুস্থ প্রধান প্রকৌশলী দরকার। ঊর্ধ্বতন মহল থেকে প্রেষণে প্রধান প্রকৌশলী নিতে বলা হয়েছে। কিন্তু আমি তাতে রাজি হইনি।’জানা গেছে, শফিউল্লাহ ২০০৯ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। এর আগে দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় তিনি প্রায় দুই বছর সাজা ভোগ করেন।দুদক সূত্র জানায়, নগরের পাঁচলাইশ তক্তারপুল থেকে পাঁচলাইশ বালিকা বিদ্যালয় পর্যন্ত চার কিলোমিটার পাইপলাইনের জায়গায় তিন কিলোমিটার পাইপ বসিয়ে এক কিলোমিটারের পাইপ আত্মসাৎ ও বিক্রির অভিযোগে শফিউল্লাহর বিরুদ্ধে মামলাটি করা হয়। একই মামলায় তাঁর সঙ্গে ওয়াসার সহকারী প্রকৌশলী কাজী আবু তাহের, উপসহকারী প্রকৌশলী আবদুল কুদ্দুস ও ঠিকাদার মো. ফারুকের বিভিন্ন মেয়াদে সাজা হয়। দুদকের মামলার আগে ওয়াসার বিভাগীয় তদন্তেও অভিযোগ প্রমাণিত হয়। তাই শফিউল্লাহর দুটি ইনক্রিমেন্ট বাতিল করেন ওয়াসার সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।শফিউল্লাহ স্বীকার করেন, ‘ব্যবস্থাপনা পরিচালক আমার চাকরির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সিলেকশন বোর্ডের সঙ্গে কথা বলেছেন। ৩০ সেপ্টেম্বর ওয়াসার বোর্ডসভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। এ নিয়ে আমার কিছু বলার নেই।’ অতীতের মামলা ও সাজা সম্পর্কে তিনি বলেন, ‘আমার বিরোধিতা করার জন্য যদি কেউ এসব বলেন, তাহলে আমার কিছু বলার নেই।’