ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ (প্রধান প্রশিক্ষক) শুক্লা কুণ্ডের বিরুদ্ধে গাড়ি মেরামতের নামে সরকারি অর্থ ও শিক্ষার্থী ভর্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর মাহমুদা বেগম ও ফেরদৌসী বেগম জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর ইনস্টিটিউটের নামে একটি গাড়ি বরাদ্দ করা হয়। গাড়িচালক হিসেবে রফিক মিয়া নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। নিয়মানুযায়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করতে বিভিন্ন উপজেলায় যাতায়াতের জন্য এ গাড়ি ব্যবহারের কথা। কিন্তু দীর্ঘদিন ধরে এই গাড়ি ব্যবহার করা হচ্ছে না।
দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, তাঁরা কোনো দিনই এই গাড়ি দিয়ে উপজেলা পর্যায়ে যেতে পারেননি। বিভিন্ন সময় নিজ উদ্যোগে বাইরে থেকে গাড়ি ভাড়া নিয়ে তাঁরা বিভিন্ন ক্লিনিকে পরিদর্শনে গিয়েছেন।
ইনস্টিটিউটের কয়েকজন প্রশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বছরের পর বছর ধরে অকেজো বলে গাড়িটি গ্যারেজেই ফেলে রাখা হয়েছে। অথচ গাড়িচালক রফিক মিয়া ইনস্ট্রাক্টর ইনচার্জ শুক্লা কুণ্ডের যোগসাজশে এই গাড়ি মেরামত ও জ্বালানি খরচ বাবদ ভুয়া রসিদের মাধ্যমে টাকা তুলে আত্মসাৎ করেন। ২০১৩-১৪ অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের এক চিঠিতে দেখা যায়, ওই অর্থবছরে গাড়ি মেরামত ও সংরক্ষণের নামে ২০ হাজার, পেট্রল ও লুব্রিকেন্ট বাবদ খরচ দেখিয়ে ৩০ হাজার টাকা তোলা হয়েছে।
শুক্লা কুণ্ড গাড়ি মেরামত ও জ্বালানি খরচ বাবদ ভুয়া রসিদের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, গাড়ি নিয়মিতভাবেই চলছে। আর গাড়ি মেরামত ও সংরক্ষণের জন্য যেসব খরচ হয়, তা লগ বইয়ে লিখে রাখা হয়।
শুক্লা কুণ্ড ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৩০ জন ছাত্রী ভর্তির এক লাখ ১৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে শুক্লা কুণ্ড দাবি করেন, টাকা ব্যাংকে জমা করা হয়েছে। তবে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস বলেন, নার্সিং ইনস্টিটিউটের বিষয়টি দেখভাল করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরী। জানতে চাইলে আকবর হোসেন গতকাল শনিবার বলেন, শুক্লা কুণ্ডের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ তিনটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।