জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হলসহ আরও ১০টি হল উদ্ধারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ তিনটি ফটকে তালা ঝুলিয়ে সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবন অবরোধ করবেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় আরও দুটি (দক্ষিণ ও পশ্চিম) ফটকে তালা লাগিয়ে দেন তাঁরা।
সমাবেশের কারণে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারেননি। এ ছাড়া সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে পৃথক স্থানে ১৮টি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
সমাবেশে বলা হয়, আবাসনসমস্যা সমাধান না করেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে চারদলীয় জোট সরকার। আর প্রতিষ্ঠার আট বছর পরও শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হয়নি। তাই বেদখলে থাকা সব হল উদ্ধার ও নতুন হল নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীনসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ ছাড়া শিক্ষক সমিতি, আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল, বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল, কর্মকর্তা সমিতি ও সাংবাদিক সমিতির নেতা-কর্মীরা বক্তব্য দেন।
সিরাজুল ইসলাম জানান, দাবি আদায়ে সব বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে সমাবেশ করছেন হাজারো শিক্ষার্থী। এ ছাড়া আজকের ঘেরাও কর্মসূচি শেষে সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করা হবে।
প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হবে না। আর গতকাল ফটক বন্ধ থাকলেও শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়নি।