প্রধান ফটকে ‘বাস স্টপেজ’ দুর্ভোগে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ফটকের সামনে নির্বিচারে বিভিন্ন পথের বাস নিয়মবহির্ভূতভাবে থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে বাসগুলো ফটকের সামনে দাঁড়িয়ে হর্ন বাজিয়ে, ডেকে ডেকে যখন যাত্রী তোলে, তখন ওই কোলাহলপূর্ণ পরিবেশে এক দিকে পাঠদান হচ্ছে, আরেক দিকে কলেজের শিক্ষার্থীদেরও চলাচলের সময় পড়তে হচ্ছে নানা বিব্রতকর পরিস্থিতিতে। কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রায় ছয় হাজার শিক্ষার্থীর এই মহিলা কলেজ দীর্ঘদিন ধরেই এই অনাকাঙ্ক্ষিত সমস্যায় ভুগছে। বহুবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে। স্থায়ী কোনো সমাধান হয়নি। চালকেরা নিষেধ অমান্য করে ফটকের সামনে বাস থামিয়ে যাত্রী ওঠানো শুরু করেন। প্রশাসনের অনুমতি নিয়ে প্রায় আট মাস আগে কলেজ কর্তৃপক্ষ ‘এখানে বাস থামানো নিষেধ’ ও ‘হর্ন বজানো নিষেধ’ লিখিত স্ট্যান্ড স্থাপন করেছে। কর্তৃপক্ষ কলেজ থেকে আনুমানিক মাত্র শখানেক গজ দূরে দায়িত্ব পালনকারী ট্রাফিক সদস্যদের দায়িত্বহীনতা নিয়েও অভিযোগ করে।২০ আগস্ট দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে মুক্তাগাছা, জামালপুর ও ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো ফটক থেকে মাত্র ২০ গজ দূরে দাঁড়িয়ে যাত্রী ওঠানোর প্রতিযোগিতা করছে। এ ছাড়া ময়মনসিংহ থেকে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশাও দাঁড়িয়ে আছে সারি সারি। কলেজ শেষে শিক্ষার্থীরা বেরিয়ে এলে তখন ফটকে এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইভা সাংমা, মারফিয়া হোসেন ও রোখসানা আফরোজ অভিযোগ করে, রাস্তার ধারঘেঁষা ভবনে তাদের ক্লাস হয়। বাসগুলোর হর্নের শব্দে ও হেলপারদের হাঁকডাকে শিক্ষকদের পাঠ শুনতে পাওয়াই কঠিন হয়ে পড়ে। এ ছাড়া চলাচলের সমস্যা তো আছেই। অধ্যক্ষ খুরশেদ উদ্দিন ঠাকুর বলেন, ‘বিষয়টি স্থানীয় সাংসদ, পৌরসভার মেয়র ও সদ্য বিদায়ী জেলা প্রশাসকের কাছে ব্যক্তিগতভাবে জানিয়েছি। তাঁরা সবাই সরেজমিনে পরিস্থিতি দেখে চালকদের নিষেধ করার পাশাপাশি কিছু প্রশাসনিক ব্যবস্থাও নেন। কিন্তু কিছুদিন পর আবারও একই সমস্যা।পৌর মেয়র ইকরামুল হক বলেন, ‘অভিযোগ পেয়ে ট্রাফিক বিভাগকে বলেছিলাম বিষয়টা দেখতে। এখানে বাস না থামাতে এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে আমরা প্রচারণাও চালাই। তবে সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য এবার ট্রাফিক বিভাগকে চাপ দিতে হবে।’পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমার কাছে লিখিত অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব।’