প্রধান ফটকের পাশে ময়লার ভাগাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে ঢোকার মুখেই প্রধান ফটকের পাশে একটি খোলা ময়লার ভাগাড়। দুর্গন্ধে টেকা দায়। গত মঙ্গলবার নাকে হাত দিয়ে প্রধান ফটক দিয়ে হাসপাতালের ভেতরে যাচ্ছিলেন এক রোগী। আনোয়ার নামে ওই রোগী বলেই ফেললেন, ‘হাসপাতালের মুখে ডাস্টবিন কীভাবে থাকে?’
নগরের আন্দরকিল্লায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের প্রবেশমুখের চিত্র এটি। ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন অন্তত ৫০০ রোগী চিকিৎসা নিতে আসে। তাদের সবাইকে এই দুর্গন্ধ সহ্য করে হাসপাতালে ঢুকতে হয়। ময়লার ভাগাড়টি সরানোর জন্য সিটি করপোরেশনকে কয়েকবার বলা হলেও তা কাজে আসেনি বলে অভিযোগ।
সরেজিমনে দেখা গেছে, হাসপাতালটির নিচতলায় প্রধান ফটকের পাশেই ফুটপাত ও সড়কজুড়ে ময়লার ছড়াছড়ি। সেখানে কোনো স্থায়ী বা পাকা ডাস্টবিন নেই। যে যার মতো ফটকের বাঁ পাশ ধরে হাসপাতালের সীমানা দেয়াল ঘেঁষে ফুটপাত ও সড়কে ময়লা ফেলে যাচ্ছে।
হাসপাতালের নিচতলায় রয়েছে বহির্বিভাগ ও জরুরি বিভাগ। আবর্জনার দুর্গন্ধের কারণে নিচতলার স্ত্রী, পুরুষ ও শিশু বহির্বিভাগের জানালা খোলা যায় না বলে জানান কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা। জানালা থেকে পাঁচ হাত দূরত্বে ময়লা-আবর্জনা ফেলা হয়। এতে রোগী ও চিকিৎসকদের দুর্ভোগে পড়তে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালটির পাশের এই ময়লা-আবর্জনা সরানোর জন্য বেশ কয়েকবার চিঠিও লেখা হয়েছিল, কিন্তু কাজ হয়নি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা বহুবার এ বিষয়ে চিঠি লিখেছি। কিন্তু ডাস্টবিনটি এখান থেকে সরানো হয়নি। এমনকি জেলা সমন্বয় কমিটির সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। তবু কাজ হয়নি। এটি হাসপাতালের পরিবেশ নষ্ট করে ফেলছে।’
অভিযোগ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘ওই ডাস্টবিনটি অবৈধ। লোকজন ময়লা ফেলার কারণে এটি ডাস্টবিন হয়ে গেছে। সিভিল সার্জন কার্যালয় চিঠিপত্র দিলেও অবৈধ ডাস্টবিন আমরা কোথায় সরাবো। এখানে তো জায়গা নেই। লোকজন ফেলে বলেই বাধ্য হয়ে আমাদের ময়লা নিতে হয়।’
অন্যান্য হাসপাতালের সামনেও ডাস্টবিন : শুধু জেনারেল হাসপাতাল নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ফটকের পাশেও রয়েছে একটি ডাস্টবিন। এটি বৈধ ডাস্টবিন হলেও এর বাইরে ফুটপাতজুড়ে ফেলা হয় ময়লা-আবর্জনা। এটিকে পাশ কাটিয়ে ঢুকতে হয় হাসপাতালে।
এ বিষয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, ‘এটি বৈধ ডাস্টবিন। আমরা সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখতে।’
একইভাবে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের প্রধান ফটকের পাশেও রয়েছে একটি খোলা ডাস্টবিন। দুই বছর ধরে এটি গড়ে উঠেছে।
হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক বলেন, ‘এই ডাস্টবিনটি হাসপাতালের পরিবেশ নষ্ট করে ফেলছে। এটি সরানো দরকার। আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বলেছি।’