বন অধিদপ্তরের সর্বোচ্চ নির্বাহী পদ খালি রয়েছে ১৪ বছর ধরে। সর্বশেষ নিয়মিত প্রধান বন সংরক্ষক শামসুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর ওই পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উপপ্রধান বন সংরক্ষকদের ‘প্রধান বন সংরক্ষকের চলতি দায়িত্ব’ দিয়ে কাজ চালানো হচ্ছে। বন এলাকা, সামাজিক বনায়নের এলাকা, উজাড় হয়ে যাওয়া বন এলাকা ও জলাশয় মিলিয়ে দেশের মোট ১০ শতাংশ এলাকা বন বিভাগের অধীনে। অথচ সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহী চলতি দায়িত্ব হিসেবে কাজ করছেন। উপবন সংরক্ষকদের অনেক পদেও কাজ চালানো হচ্ছে সহকারী বন সংরক্ষককে চলতি দায়িত্ব দিয়ে।জানতে চাইলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার টেলিফোনে প্রথম আলোকে বলেন, সাধারণত যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য তিন বছর চাকরির সময় বিবেচনা করা হয়। বন বিভাগের ক্ষেত্রেও উপপ্রধান বন সংরক্ষক থেকে প্রধান বন সংরক্ষক হওয়ার জন্য তিন বছর চাকরির মেয়াদকাল অনুসরণ করা হয়। কিন্তু বন বিভাগের বর্তমান জনবলের পরিপ্রেক্ষিতে এ সময়কাল এক বছরে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাতে হয়তো একজন নিয়মিত প্রধান বন সংরক্ষক পাওয়া যাবে। বিসিএস বন ক্যাডারের শুরুর পদ হচ্ছে সহকারী বন সংরক্ষক। বর্তমানে এ পদে ১৩০ জন আছেন। বিভাগীয় নিয়ম অনুযায়ী, সাত বছর চাকরির পর সহকারী বন সংরক্ষক উপ-বন সংরক্ষকের পদে পদোন্নতি পাবেন। বর্তমানে বন বিভাগের ৬৩ জন উপ-বন সংরক্ষক (বিভাগীয় বন কর্মকর্তা) রয়েছেন। তাঁদের মধ্যে ৫০ শতাংশ কর্মকর্তা নিয়মিত, বাকি ৫০ শতাংশ চলতি দায়িত্ব পালন করছেন। উপ-বন সংরক্ষক আছেন পাঁচজন, যাঁরা পরবর্তী ঊর্ধ্বতন পদ সহকারী প্রধান বন সংরক্ষকের ‘চলতি দায়িত্ব’ পালন করছেন। উচ্চতর পরবর্তী পদ বন সংরক্ষকের পদে আটজন নিয়মিত এবং তিনজন চলতি দায়িত্বে আছেন। এরপরের পদ উপপ্রধান বন সংরক্ষক। এ পদে তিনজন নিয়মিত ও একজন চলতি দায়িত্বে রয়েছেন।বন অধিদপ্তরের পদোন্নতির নিয়ম অনুযায়ী সহকারী বন সংরক্ষক সাত বছর চাকরির পর উপ-বন সংরক্ষক, উপ-বন সংরক্ষক ১২ বছর চাকরির পর বন সংরক্ষক, বন সংরক্ষক পদে ১৫ বছর চাকরির পর উপপ্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক পদে ১৮ বছর চাকরির পর প্রধান বন সংরক্ষক হওয়া যায়। কিন্তু মন্ত্রণালয় সেটা মানে না। বন বিভাগের অনেক পদ খালি থাকার পরও সে পদগুলোতে কাউকে নিয়োগ দেওয়া হয় না।প্রজাতন্ত্রের প্রশাসনিক নিয়ম অনুযায়ী, নিয়মিত প্রধান বন সংরক্ষক একজন অতিরিক্ত সচিবের সমমর্যাদার কর্মকর্তা। বন কর্মকর্তারা জানান, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান বন সংরক্ষকের পদ যুগ্ম সচিবের সমমর্যাদার হলেও তাঁকে ধরনা দিতে হয় মন্ত্রণালয়ের উপসচিবের কাছে। নিচের দিকের বন কর্মকর্তাদেরও বিভাগ, জেলা পর্যায়ে প্রশাসনে গিয়েও একইরকম পরিস্থিতিতে পড়তে হয়। একজন কর্মকর্তার চলতি দায়িত্বে ছয় মাসের বেশি থাকার নিয়ম নেই। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে অধিকাংশ বন কর্মকর্তাকে বছরের পর বছর চলতি দায়িত্বে থাকতে হচ্ছে। চলতি দায়িত্বে থাকতেই অনেকের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে। অথচ তাঁরা অবসরে যাওয়ার পর পেনশন, গ্র্যাচুইটি পাবেন নিয়মিত পদের, চলতি পদের নয়। বন বিশেষজ্ঞ রেজা খান বলেন, সরকারের উচিত বন অধিদপ্তরকে দ্রুত সচল করা। যেসব কর্মকর্তার অতীত রেকর্ড খারাপ, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু দক্ষ কর্মকর্তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিয়মিত দায়িত্ব দিয়ে উত্সাহিত করতে হবে।