প্রধান বিচারপতি অবসরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, রাষ্ট্রের অঙ্গগুলোর একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আইনের শাসন প্রতিষ্ঠায় ও সুষ্ঠুভাবে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা নিশ্চিতে সহায়তা করে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আজ শুক্রবার অবসরে যাচ্ছেন। গতকাল ছিল তাঁর শেষ কর্মদিবস। নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কাল শনিবার শপথ নেবেন।
অনুষ্ঠানে বিচারপতি মোজাম্মেল হোসেন আরও বলেন, সাংবিধানিক চেতনায় রাষ্ট্রের তিনটি অঙ্গ নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের সমান ভূমিকা রয়েছে। এই তিন অঙ্গের মধ্যে ভারসাম্য রাখতে হবে। তিনি বলেন, ‘আশা করি, সরকার সুপ্রিম কোর্টের অধীনে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় বাস্তবায়ন করবে।’
গতকাল বেলা সোয়া ১১টা থেকে প্রায় এক ঘণ্টা পর্যন্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান চলে। এ সময় আইনজীবীদের উপস্থিতিতে আদালতকক্ষ পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানান।
বিচারপতি মোজাম্মেল হোসেনের শিক্ষা ও কর্মজীবন তুলে ধরে মাহবুবে আলম বলেন, যুগান্তকারী কতিপয় রায় প্রদানের মাধ্যমে তিনি নিজেকে চিরস্মরণীয় করে রেখেছেন। একজন বিচারক হিসেবে তাঁর কার্যাবলি সর্বদা স্মরণ থাকবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সমিতির নেতৃত্বে থাকা বিএনপির সমর্থক অংশ ওই অনুষ্ঠানে যাননি। বুধবার এক সাধারণ সভা থেকে সমিতি প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেয়।
কেচিগেট টেনে খুলে ফেলা হলো: অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সমিতি ভবনের সভাপতিকক্ষের সামনের কেচিগেটটি তালা আটকানো দেখা যায়। সমিতি ভবন থেকে সুপ্রিম কোর্টে যেতে দ্বিতীয় তলার সংযোগপথের মুখে কেচিগেটটি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষ থেকে ফেরার ওই পথে তালা আটকানো দেখে উপস্থিত আইনজীবীরা সমিতির কর্মচারীদের ডাকতে থাকেন সরকার-সমর্থক আইনজীবীরা। তবে সাড়া না পেয়ে একপর্যায়ে সমিতির দিক থেকে সরকার-সমর্থক কয়েকজন আইনজীবী এগিয়ে আসেন ও ওই তালায় আঘাত করতে থাকেন। তবে তালা না ভাঙায় কলাপসিবল গেট নিয়ে টানাটানি শুরু হয়। একপর্যায়ে কয়েকটি পাত আলগা হয়ে গেটটি খুলে আসে।
এরপর আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, সমিতির সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম ও নুরুল ইসলাম, রবিউল আলমসহ অন্য আইনজীবীরা ওই পথ দিয়ে সমিতি ভবনে ফেরেন।