অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বললেন 'এটি শেষ সুযোগ'
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন, ‘এটি লাস্ট চান্স (এটি শেষ সুযোগ)।’ অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি-সংক্রান্ত গেজেট আকারে প্রকাশ বিষয়ে কয়েক দফা সময় নেওয়ার পর গতকাল রোববার রাষ্ট্রপক্ষের আবারও দুই সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ কথা বলেন।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক আশা করেছেন, ১৫ জুলাইয়ের মধ্যেই অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করা সম্ভব হবে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ আশা ব্যক্ত করেন।
এর আগে সর্বশেষ গত ২৯ মে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ দুই সপ্তাহ সময় দেন। এর ধারাবাহিকতায় গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় আদেশের জন্য বিষয়টি এক নম্বর ক্রমিকে ছিল।