প্রধান বিচারপতি ও কারা মহাপরিদর্শকের বাড়িতে বাড়তি নিরাপত্তা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিনের গ্রামের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
প্রধান বিচারপতির বাড়ি কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে আর কারা মহা পরিদর্শকের বাড়ি শমশেরনগর ইউনিয়নের শিংরাউরী গ্রামে।
মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রস্তুতির কারণে আজ শনিবার বিকেল থেকে কমলগঞ্জ থানা-পুলিশ প্রধান বিচারপতি ও কারা মহাপরিদর্শকের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
মোল্লা মোহাম্মদ শাহীন জানান, যে কোনো সময় মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতার প্রতিরোধে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোল্লা মোহাম্মদ শাহীন আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া টহল পুলিশ নিয়মিত সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে।