
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলা অগ্রাধিকার পাচ্ছে। এই মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পেপারবুক দ্রুত প্রস্তুত করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল রোববার এ নির্দেশ দেন।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির নির্দেশের পর এখন ডেথ রেফারেন্স শাখা পেপারবুক প্রস্তুত করবে, তারপর তা সরকারি ছাপাখানায় যাবে। পেপারবুক ছাপা হয়ে আসার পর প্রধান বিচারপতি বেঞ্চ নির্ধারণ করে দিলে বিষয়টি শুনানির জন্য আসবে।
১৬ জানুয়ারি রায়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাবের বরখাস্তকৃত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদেণ্ড দণ্ডিত করেন। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এরপর দুই মামলায় নিম্ন আদালতের রায় ও নথিপত্র ২২ জানুয়ারি হাইকোর্টে এসে পৌঁছায়। সেদিনই তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। সূত্র জানায়, এরপরই ওই মামলার পেপারবুক অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত হবে কি না, সে জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়। গতকাল প্রধান বিচারপতি ওই নির্দেশ দেন।
দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১৭ জানুয়ারি দেওয়া এক বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন, স্বল্প সময়ে ওই মামলার বিচার নিষ্পত্তি করায় দেশের জনগণের আস্থা বিচার বিভাগের প্রতি আরও বেড়েছে। বাণীতে বলা হয়, অপরাধী যত বড় হোক না কেন, সে দায়মুক্তি পাবে না। প্রভাবশালী আসামি র্যাবের কতিপয় কর্মকর্তা দায়মুক্তির মনোভাব থেকে লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যা সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে। সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়।
আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতের রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে। এটি ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করার সুযোগ পান। ডেথ রেফারেন্স ও আপিলের ওপর একসঙ্গে শুনানি হয়ে থাকে। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরি করতে হয়। পেপারবুকে মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ তালিকা, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও নিম্ন আদালতের রায় পর্যায়ক্রমে সাজানো থাকে।