প্রধান বিচারপতি নিয়োগকে স্বাগত জানাল আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি নিয়োগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, জ্যেষ্ঠতার লঙ্ঘন হলেও পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা এ নিয়োগকে স্বাগত জানান।

বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। বৈঠক শেষে সমিতির মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে জয়নুল আবেদীন বলেন, তাঁরা প্রধান বিচারপতি নিয়োগকে স্বাগত জানিয়েছেন। আজ তাঁরা নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে যাবেন। আগামীকাল তাঁরা সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানাবেন।
জয়নুল আবেদীন বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর দীর্ঘদিন ধরে বিচার বিভাগে প্রধান বিচারপতি পদটি শূন্য ছিল। এর আগে এমনটি কখনো হয়নি। এই নিয়োগে ‘সুপারসেশন’ হয়েছে। সমিতি বরাবরই সুপারসেশনের বিপক্ষে। কিন্তু পরিস্থিতির কারণে তাঁরা একে স্বাগত জানাচ্ছেন।
সমিতির নির্বাহী কমিটির বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে কমিটির ১৪ সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন।
সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮১ সালে জেলা আদালতে এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ১৯৯৯ সালের ডিসেম্বরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন তিনি।
সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ মুস্তফা আলী এবং মায়ের নাম বেগম কাওসার জাহান। তিনি বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে ছয় মাসের ‘কমনওয়েলথ ইয়াং ল ইয়ার্স কোর্স’ করেন।