প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ‘ফেতনা’ সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি দাবি করেন, প্রধান বিচারপতি বিএনপি-জামায়াতের সুরে ফেতনা সৃষ্টি করার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ ও গণতন্ত্রের ষড়যন্ত্রকারী, মানবতাবিরোধী ঘাতকদের প্রতিরোধ’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে ‘বাংলাদেশ ফেতনা প্রতিরোধ কমিটি’ নামের একটি সংগঠন।
হাছান মাহমুদ বলেন, প্রধান বিচারপতি সাংবিধানিক পদে থেকে নানা সময়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি করছেন। তাঁর আশা, প্রধান বিচারপতি দ্রুত পদত্যাগ করে জাতির মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবেন।
বাংলাদেশ ফেতনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও বক্তব্য দেন। বিজ্ঞপ্তি