প্রধান বিচারপতি বললেন, সুপ্রিম কোর্টে কোনো দ্বিধাবিভক্তি নয়
প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, সুপ্রিম কোর্ট সবার জন্য। এখানে কোনো দ্বিধাবিভক্তি থাকবে না। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সুপ্রিম কোর্টে যখন আসবেন, তখন দল-মত নির্বিশেষে আপনারা সবাই আইনজীবী। এখানে যাতে আইনের শাসন কায়েম হয়, সে দিকে লক্ষ রাখতে হবে। গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে শামছুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, যেকোনো সংকট-সংগ্রামে আইনজীবীরা ঝাঁপিয়ে পড়বে—এটাই জনগণের প্রত্যাশা। শামছুল হক চৌধুরীর স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৮২ সালে সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণ করা হয়। ওই আন্দোলনের অকুতোভয় সৈনিক ছিলেন শামছুল হক চৌধুরী। শামছুল হক চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ূন, রফিকুল ইসলাম মিয়া, আমিনুল হক, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা প্রমুখ বক্তব্য দেন।