প্রধান বিচারপতি মামলার সব নথি ফেরত চেয়েছেন

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে গণমাধ্যমে কথা না বলে তাঁর কাছে থাকা মামলার নথিগুলো দ্রুত ফেরত দিতে বলেছেন প্রধান বিচারপতি।
গতকাল রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি যেসব রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তিনি সেগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্ট সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে সব ফাইল ফেরত দিতে বলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার চলাকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন করাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।’
গত সেপ্টেম্বরে অবসরে যাওয়ার আগে পেনশন আটকে দেওয়ার অভিযোগ তুলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী একাধিকবার প্রধান বিচারপতিকে চিঠি দেন। আর অবসরে যাওয়ার পরপরই তিনি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেন।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, কর্মরত বিচারপতি ও অবসরে যাওয়া বিচারপতিরা কে কখন কীভাবে রায় লিখবেন, এ নিয়ে চলা বিতর্ক নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে মীমাংসা করাই শ্রেয়। প্রকাশ্য বিতর্কে বিচার বিভাগের ভাবমূর্তি, সম্মান ও মর্যাদা কোনোটাই বাড়ছে না।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, অবসরে যাওয়ার পর তিনি যেসব রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে ৪ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার প্রিসাইডিং জজ, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে আমার লেখা শেষ হওয়া রায় ও আদেশগুলো গ্রহণ করার অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন, প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির লিখিত রায় ও আদেশ গ্রহণ করা যাচ্ছে না।’ সাংবাদিকদের তিনি ওই চিঠির অনুলিপি সরবরাহ করেন।
তবে গতকাল রাত ১১টার দিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর হাতে লেখা রায় ও আদেশগুলো গ্রহণ করতে সম্মত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টা-সাতটার দিকে বিচারপতি ওয়াহ্হাব মিঞা তাঁকে জানিয়েছেন, তিনি যেসব মামলার রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো গ্রহণ করা হবে। শিগগিরই সেগুলো তিনি হস্তান্তর করবেন।
এর আগে গত শনিবার রাতে যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আমি যেসব মামলার বিচারক ছিলাম, সেগুলোতে আমি যদি সই না করি, তাহলে রায়গুলো তো রায় হবে না। প্রধান বিচারপতি যদি গায়ের জোরে এগুলো পাঠিয়ে দেন এবং আমার সই ছাড়াই রায় হিসেবে গণ্য করার আদেশ দেন, এগুলো চ্যালেঞ্জ হবেই।’
বিকেলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওই সংবাদ সম্মেলন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেখেছেন। এ বিষয়ে বিচারপতি ওয়াহ্হাব মিঞার দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রধান বিচারপতিকে জানান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাঁর কাছে লিখিত রায় বা আদেশ গ্রহণ করার জন্য জমা দেননি। প্রধান বিচারপতি আশা করেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী গণমাধ্যমে মামলার রায় ও আদেশসংক্রান্ত কোনো ধরনের বক্তব্য না দিয়ে তাঁর কাছে যতগুলো মামলার ফাইল রয়েছে, সেগুলো অতি দ্রুত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ফেরত দেবেন, যাতে বিচারপ্রার্থীদের আর ভোগান্তি না হয়।
আপিল বিভাগে বর্তমানে দুটি বেঞ্চ কার্যকর। প্রথম বেঞ্চের নেতৃত্ব দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, দ্বিতীয় বেঞ্চের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। গত ১ অক্টোবরে অবসরে যাওয়ার আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী দ্বিতীয় বেঞ্চের সদস্য ছিলেন।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কাছে অসংখ্য রায় লেখা বাকি রয়েছে—বিভিন্ন গণমাধ্যমের এ ধরনের খবর প্রসঙ্গে গতকাল তিনি বলেন, সম্ভবত রেজিস্ট্রারের কার্যালয় থেকে পত্রপত্রিকায় এ ধরনের বিভ্রান্তিকর খবর পাঠানো হচ্ছে। এর সবগুলো রায় নয়। এগুলোর মধ্যে ৮০ ভাগই ছিল আদেশ। আদেশ ও রায়ের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি দাবি করেন, তাঁর মাত্র ১৫টি মামলার রায় লেখা বাকি ছিল।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কাছে কতগুলো রায় ও আদেশ লেখা বাকি রয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে তার হিসাব পাওয়া যায়নি। গত ২০ জানুয়ারি প্রথম আলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রারের দপ্তরে এ পরিসংখ্যান চাওয়া হয়েছিল। ওই সময় রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, এ ধরনের কোনো পরিসংখ্যান তাঁর দপ্তরে নেই।
প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে গত ১৯ জানুয়ারি বাণী দেন প্রধান বিচারপতি। এতে তিনি বলেন, কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধানের পরিপন্থী।
প্রধান বিচারপতির ওই বক্তব্য নিয়ে আইন অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়। প্রধান বিচারপতির ওই বক্তব্যের সূত্র ধরে বিএনপি বলে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া রায়ও সংবিধান পরিপন্থী। কারণ, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার পর ওই রায় লিখেছেন।
অন্যদিকে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির বক্তব্যের সঙ্গে দ্বিমত জানান। সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে এ নিয়ে বিভক্ত মতামত দেখা যায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এটিকে প্রধান বিচারপতির ‘ব্যক্তিগত মত’ বলে উল্লেখ করেন। সর্বশেষ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে আলোচনার সময় প্রধান বিচারপতিকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন।
তবে গত শনিবার এক গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিন এ প্রসঙ্গে বলেন, ‘একজন সাংসদ কীভাবে দেশের প্রধান বিচারপতিকে সংযত হতে বলেন? আর আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি কীভাবে টক শোতে গিয়ে প্রধান বিচারপতি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেন?’ সাবেক এই বিচারপতি আরও বলেন, ‘ভারতে বিচারপতিদের নিয়ে সংসদে আলোচনা করা যায় না, নৈশভোজে বা চায়ের দাওয়াতে ডাকা যায় না। অথচ আমাদের এখানে প্রধান বিচারপতিকে চা বা নৈশভোজের দাওয়াত দেওয়া হয়। যদি মনে করেন বিচারপতি অন্যায় করছেন, তাহলে সংসদের হাতে ক্ষমতা আছে, তাঁকে অভিশংসন করেন। কিন্তু চায়ের দাওয়াতের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার।’
বিচারপতি শামসুদ্দিন চৌধুরীও প্রধান বিচারপতির কাছে পাঠানো চিঠিতে জাতীয় সংসদে হওয়া আলোচনার কথা উল্লেখ করেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সবাই একবাক্যে বলেছেন যে প্রধান বিচারপতির ওই বক্তব্য ঠিক নয়, বরং তিনিই বেআইনি কথা বলেছেন। আমি আশা করেছিলাম, এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি তাঁর পুরোনো অবস্থান থেকে সরে যাবেন।’
অবসরে যাওয়ার পর রায় লেখার বিষয়ে গতকাল রাতে বিবিসি বাংলাকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচারপতিরা অবসরে যাওয়ার পর যেসব রায় লিখেছেন বা এখনো যদি লেখেন, সেটা অসাংবিধানিকও না, বেআইনিও না।’ তবে আইনমন্ত্রী বলেন, অবসরে গিয়ে রায় লেখার প্রবণতা বেড়েছে, আগে এটা এত বেশি হতো না। তাই এ বিষয়ে একটা ব্যবস্থা করা উচিত। তবে এখন যদি কোনো ব্যবস্থা হয়, সেটা ভবিষ্যতে কার্যকর হবে। বিগত রায়ের বেলায় সেটা প্রযোজ্য হবে না।
মন্ত্রী বলেন, নতুন ব্যবস্থা চালু করতে হলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রুলস পরিবর্তন করতে হবে এবং প্রধান বিচারপতির দিক থেকে সুস্পষ্ট আনুষ্ঠানিক নির্দেশনাও আসতে হবে।