প্রধান বিচারপতি যোগ না দেওয়া পর্যন্ত দায়িত্বে আবদুল ওয়াহ্হাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কাজে যোগ না দেওয়া পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রধান বিচারপতির ছুটি মঞ্জুরসহ এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণে ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন। গত মঙ্গলবার সুরেন্দ্র কুমার সিনহা বিদেশ যাবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ১৩ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান বলে জানিয়েছেন।

ছুটিতে থাকা প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে গতকাল বুধবার সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা ছুটি, বর্ধিত ছুটি অথবা তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁর দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা। রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী এই দায়িত্ব প্রদান করেছেন।