হাইকোর্টে নিয়োগ পাওয়া দুই বিচারককে শপথ না পড়ানোর ঘটনা দেশে সাংবিধানিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে মত প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার বিকেলে কমিটির সভায় এ মত প্রকাশ করা হয়।সভায় এই সংকট নিরসনের জন্য আইনমন্ত্রীকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সংবিধানে উল্লেখ থাকা যেসব আইন ৪০ বছরেও প্রণয়ন হয়নি, সেগুলোর খসড়া দ্রুত তৈরির জন্য আইন কমিশনকে সুপারিশ করা হয়।সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ, কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, আবদুল মতিন খসরু ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ১৭ জন বিচারক নিয়োগ দিয়েছেন। রেওয়াজ অনুযায়ী এ বিষয়ে প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতির দপ্তরে ১৭ জনের তালিকা পাঠানো হয়। কিন্তু প্রধান বিচারপতি দুজনকে বাদ দিয়ে বাকিদের শপথ পাঠ করিয়েছেন। তিনি ওই দুজনকে শপথ পড়ানোতে বিলম্ব করে শপথ ভঙ্গ করেছেন। কারণ, রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার পর তা গেজেট হয়ে গেছে। তাই ওই দুজনকে শপথ পড়ানো ছাড়া সাংবিধানিক সংকট দূর করার দ্বিতীয় কোনো বিধান নেই।সুরঞ্জিত আরও বলেন, এখন যেভাবে দুজনের নিয়োগ ঝুলে রয়েছে, তা বেশি দিন চলতে দেওয়া যায় না। কমিটি এ বিষয়ে আইনমন্ত্রীকে বলেছে। তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিন দিনের মধ্যে করণীয় বিষয়ে কমিটিকে জানাবেন। তিনি বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন, আমাদের কমিটি নাকি তাঁকে ধমক দিয়েছে। কিন্তু তাঁকে অবশ্যই বুঝতে হবে, কোনটা ধমক আর কোনটা বিশ্লেষণ।’কমিটির সভাপতি বলেন, ‘সংবিধানে কিছু আইন প্রণয়নের কথা বলা আছে। অথচ আমরা ৪০ বছরেও এসব আইন করিনি। এটা দুঃখজনক। এসব আইনের খসড়া তৈরি করার জন্য আমরা আইন কমিশনের কাছে সুপারিশ করেছি। কমিশন খসড়া তৈরি করলে সেটা আমরা দেখেশুনে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠাব।’ তিনি বলেন, সংবিধানের ৪৬ অনুচ্ছেদ অনুযায়ী মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডকে দায়মুক্তি দিয়ে আইন করার কথা বলা হয়েছে। সেই আইনটি হয়নি।