প্রধান বিচারপতি শপথ ভেঙেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন। তাই তাঁর প্রধান বিচারপতি হিসেবে পদে থাকার কোনো যোগ্যতা নেই। তিনি প্রধান বিচারপতিকে রায়টি তাঁর নিজের উদ্যোগে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে বা নিজ দায়িত্বে সংশোধনের কথা বলেন। গতকাল শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারে মন্ত্রী ছাড়া অন্যান্য আলোচকের বক্তব্যে রায়ের প্রসঙ্গ প্রাধান্য পায়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সেমিনারে সভাপতির বক্তব্যে বলেন, আলোচনায় মূল বিষয়ের চেয়ে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, এ রায় মামলার বিষয়বস্তু থেকে অনেক দূরে সরে গেছে, তাই একে পুঁথিপাঠ ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শামসুদ্দিন চৌধুরী মানিক।

আলোচনায় সেমিনার আয়োজক কমিটির উপদেষ্টা ও সাবেক বিচারপতি শামসুল হুদা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।