হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট দাবি করছে, বিপুল বিরোধিতা ও দুর্বলতা সত্ত্বেও ক্ষুদ্র জাতিসত্তার মানুষ সুরেন্দ্র কুমার সিনহাকে প্রধান বিচারপতি করে ঔদার্য দেখিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু প্রধান বিচারপতি সেই সম্মান রক্ষা করতে পারেননি।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বিচারপতি গৌর গোপাল সাহা সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায়।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি প্রধান বিচারপতি সংসদকে অকার্যকর ও সাংসদদের অযোগ্য বলে যে মন্তব্য করেছেন, তা এখতিয়ারবহির্ভূত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারপতি গৌর গোপাল সাহা বলেন, ‘সরকারের কোনো চাপে এই সংবাদ সম্মেলন করছি না। তবে এই সম্মেলন করার বিষয়ে ধর্মমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে।’