প্রধান বিচারপতিকে কমলগঞ্জবাসীর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ গ্রাম তিলকপুরে অভ্যর্থনা পেলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। আজ শুক্রবার রানীর বাজার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ অভ্যর্থনা অনুষ্ঠানে ছিল দিনব্যাপী আয়োজন।

প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর এস কে সিনহার এটাই প্রথম কমলগঞ্জ সফর। বাংলাদেশের বৃহত্তর মণিপুরী সমাজের (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙাল) লোকজনসহ কমলগঞ্জ উপজেলাবাসী উপস্থিত ছিলেন এ অভ্যর্থনা অনুষ্ঠানে। এলাকায় তাঁর আগমন উপলক্ষে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়।

প্রধান বিচারপতিকে সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা সদরের ময়না চত্বরে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। সকাল সাড়ে ১০ টায় আলীনগর ইউনিয়নের তিলকপুর মণিপুরী পল্লির প্রবেশদ্বারে মণিপুরীদের সামাজিক রীতি অনুযায়ী এক কিলোমিটারজুড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শত শত মণিপুরী তরুণ-তরুণী ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিজ বাসভবন ‘আশীর্ব্বাদ’ গেট (ফটক) পর্যন্ত নিয়ে যায়।

বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত অভ্যর্থনা মঞ্চে মণিপুরী পালা কীর্তন অনুষ্ঠিত হয়।

বেলা তিনটায় প্রধান বিচারপতি অভ্যর্থনা মঞ্চে উপস্থিত হন। প্রায় সাড়ে ৪০০ বছর আগে রাজপরিবারে বাজানো রাজঘণ্টা বাজিয়ে অভ্যর্থনা মঞ্চে ওঠেন প্রধান বিচারপতি। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠের পর প্রধান বিচারপতির উদ্দেশে মানপত্র পড়েন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষ্ণ কান্ত সিংহ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার মুখ্য বিচারিক হাকিম শ্যাম কান্ত সিংহ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিচারপতি ভবানী প্রসাদ সিনহা, প্রধান বিচারপতি এস কে সিনহার স্ত্রী সুষমা সিনহা, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, জেলা দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মুখ্য বিচারিক হাকিম মোমতাজ বেগম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিকিৎসক নন্দ কিশোর সিনহা।