প্রধান বিচারপতিকে বিচারপতি শামসুদ্দিনের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ফাইল ছবি
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ফাইল ছবি

অবসরে যাওয়ার পর হাতে লেখা রায় ও আদেশগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন, ন্যায়বিচারের স্বার্থে এগুলো গ্রহণ করা একান্ত আবশ্যক।
গত ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে তিনি এই চিঠিটি দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যা​লয় বলছে, এ ধরনের কোনো চিঠি তারা হাতে পাননি।
চিঠিতে বলা হয়েছে, অবসরে যাওয়ার পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কাছে যেসব মামলার রায় ও আদেশ লেখা বাকি ছিল তা তিনি শেষ করেছেন। এ জন্য তিনি আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার কাছে এগুলো নেওয়ার অনুরোধ জানান। তবে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা সেগুলো গ্রহণে অপারগতা প্রকাশ করে জানিয়েছেন প্রধান বিচারপতির নির্দেশ অনুসারে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির লেখা রায় ও আদেশ গ্রহণ করা যাচ্ছে না।
চিঠিতে আরও বলা হয়, শামসুদ্দিন চৌধুরী অবসরে যাওয়ার পর তাঁর কার্যালয় তালাবদ্ধ রাখা হয়েছে। সব অফিস স্টাফ ও সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এ জন্য তিনি রায়গুলো টাইপ করতে পারেননি।
অবসরের পর রায় লেখা সংবিধানপরিপন্থী
প্রধান বিচারপতি পদে দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে গত ১৯ জানুয়ারি দেওয়া এক বাণীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, কোনো কোনো বিচারপতি অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধানপরিপন্থী। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রধান বিচারপতি বাণীতে বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাংলাদেশের সংবিধান, আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করেন। কোনো বিচারপতি অবসর গ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তাঁর গৃহীত শপথও বহাল থাকে না। এই বক্তব্যের সূত্র ধরে আইন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।