প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিতে পটিয়ায় দুই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে সংবর্ধনা দিতে চট্টগ্রামের পটিয়ায় দুটি কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে একটি কমিটি প্রধান বিচারপতির ছবিসংবলিত পোস্টার ছেপে উপজেলার বিভিন্ন স্থানে সাঁটিয়ে দিয়েছে।জানা গেছে, ৮ ফেব্রুয়ারি বিচারপতি ফজলুল করিম শপথ নেওয়ার পর তাঁকে সংবর্ধনার জন্য দুই দিন পর তাঁর ছবিসংবলিত চার রঙের একটি পোস্টার পটিয়ার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে। এই পোস্টারে সংবর্ধনা কমিটির আহ্বায়ক হিসেবে জাসদ ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বুলু, যুগ্ম আহ্বায়ক যুবলীগের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক বদিউল আলম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরীর নাম ছাপানো হয়েছে।এদিকে ওই পোস্টার সাঁটানোর তিন দিন পর গত ১৩ ফেব্রুয়ারি পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীকে চেয়ারম্যান করে ১০১ সদস্যের আরও একটি কমিটি গঠিত হয়েছে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিতে।সাংসদ সামশুল হক দেশের বাইরে থাকায় কমিটির বিষয়ে তাঁর মতামত জানা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, সাংসদের সম্মতি নিয়ে তাঁকে সংবর্ধনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে।তবে প্রথম কমিটির যুগ্ম আহ্বায়ক বদিউল আলম দাবি করেন, তাঁরা সাংসদ সামশুল হকের সঙ্গে কথা বলেই তিনজনের নামে পোস্টার করেছেন। তবে সংবর্ধনার তারিখ এখনো ঠিক হয়নি। বিচারপতির ছবিসংবলিত পোস্টার ছাপানোয় আইনগত সমস্যা হবে কি না, জানতে চাইলে বদিউল আলম বলেন, ‘বিচারপতির অনুমতি নিয়েই পোস্টার ছাপানো হয়েছে।’ বদিউল আলম অভিযোগ করেন, ‘আমি পোস্টার করায় আওয়ামী লীগ নেতাসহ অনেকেই আমার ওপর অসন্তুষ্ট হয়েছেন। এ কারণে তাঁরা সাংসদকে চেয়ারম্যান করে আরেকটি কমিটি গঠন করেছেন।’